মনের ভাষায় শুরু হলো বাক ও শ্রবণ প্রতিবন্ধীর দাম্পত্য জীবন

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:১৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:১৩:২৪ অপরাহ্ন
অতিথিদের আনাগোনা আর বিয়ের আয়োজনে বাড়িজুড়ে চলছে আনন্দ-উল্লাস। তবে এই আনন্দে নেই বর-কনের মধ্যে মুখের কোনো কথা, নেই শব্দের আদান-প্রদান। ইশারা আর চোখের ভাষাতেই প্রকাশ করছেন মনের অনুভূতি। কারণ বর ও কনে দুজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী।

মুখে কথা নেই-কানে শোনেন না, মনের মিলনে এক হলো দুই প্রাণ শারীরিক এই সীমাবদ্ধতা তাদের নতুন জীবন শুরুর স্বপ্নকে থামাতে পারেনি। দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের জীবনসঙ্গী হতে পেরে আনন্দে আত্মহারা তারা।

তাদের এই বিয়ে শুধু দুই মানুষের নতুন জীবনের সূচনা নয় বরং ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও মনের ভাষায় গড়ে ওঠা এক অনন্য সম্পর্কের গল্প। যেখানে শব্দের প্রয়োজন হয়নি, প্রয়োজন হয়নি মুখের কথার। ইশারা আর অনুভূতির মধ্য দিয়েই শুরু হয়েছে তাদের নতুন জীবনের পথচলা।

বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। আর কনে ঢাকার সাভারে রেডিও কলোনি এলাকার নূর হোসেনের মেয়ে নিলিমা জাহান নিতু। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জে।

জানা গেছে, পারিবারিকভাবে দুই পরিবারের সম্মতিতে গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে তাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হয়। বর ও কনে দুজনই জন্ম থেকে বাক ও শ্রবণপ্রতিবন্ধী। তবে তাদের শারীরিক এই সীমাবদ্ধতা স্বাভাবিক জীবনযাপন কিংবা সামাজিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়নি। পরিবারের সদস্যদের সহযোগিতা ও ভালোবাসায় বেড়ে উঠেছেন তারা।

বরের বাবা গোলাম আজম বলেন, ফেসবুকের মাধ্যমে মেয়ের সঙ্গে আমার ছেলের পরিচয় হয়। পরে ঢাকায় থাকা আমার এক বন্ধুর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। এরপর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। মেয়েটিও বাক প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।

তিনি বলেন, আমার ছেলের বয়স যখন ছয় মাস, তখন থেকেই তার কানে সমস্যা দেখা দেয়। অনেক চিকিৎসা করানোর পরও সে সুস্থ হয়নি। সে বাক প্রতিবন্ধী। তবে আমার ছেলে অত্যন্ত ভালো। সে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।

এদিকে দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। নতুন জীবনে তাদের সুখ, শান্তি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com