বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলুক্ষেত-পাকা ধান, বিপাকে চাষীরা

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০৫:০৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০৫:০৭:৫৯ অপরাহ্ন
গত কয়েকদিনের টানা ও থেমে থেমে বৃষ্টির পানিতে জয়পুরহাটের নিচু জমিতে রোপণকৃত আগাম জাতের আলুক্ষেত ও কাটা পাকা ধান তলিয়ে গেছে। এতে ফসল নিয়ে চরম দুশ্চিন্তা ও ক্ষতির মুখে পড়েছেন জেলার চাষীরা। পাশাপাশি স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষও।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, যার মধ্যে ৪ হাজার ১১৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া এবার জেলায় ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৭ হাজার ৪৪০ হেক্টর জমিতে আলু লাগানো হয়েছে এবং ১ হাজার ২৩৭ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পেঁয়াজ ও সরিষাসহ ১ হাজার ৫১১ হেক্টর জমির শাক-সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

​স্থানীয় চাষীরা জানান, বর্তমানে মাঠে ধান কাটা শুরু হয়েছে এবং প্রায় অর্ধেক ধান ঘরে তোলা হয়েছে। যেসব জমি ফাঁকা হয়েছে, সেগুলোতে আগাম জাতের আলু রোপণ করা হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নিচু জমিতে পানি জমে যাওয়ায় রোপণকৃত আলুর ওপর মাটি চাপা পড়ে চারা না গজিয়েই পচে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলার প্রায় ৩ হাজার ৪৩০ হেক্টর জমিতে আগাম জাতের আলু রোপণের আশা করা হচ্ছে।

​অন্যদিকে, জমিতে কাটা পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হচ্ছে। এতে খড় বা গোখাদ্য সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। এ ছাড়া টানা বৃষ্টির কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের কাজ বন্ধ থাকায় তাদের রোজগার কমে গেছে। চাষীদের আশঙ্কা, আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন।

​জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সাদিয়া সুলতানা বলেন, বৃষ্টিতে কৃষকরা বেকায়দায় পড়েছেন। কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে এবং আলু রোপণের ক্ষেত্রে বৃষ্টির পানি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় বৃষ্টি থেমে গেলে আলু রোপণের সম্ভাবনা রয়েছে, তবে আরও এক-দুই দিন বৃষ্টি অব্যাহত থাকলে এলাকার কৃষকরা চরম বেকায়দায় পড়বেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com