পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১১:০৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১১:০৯:০৪ অপরাহ্ন
ভারতের ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত দাউদ ইব্রাহিম দীর্ঘদিন ধরেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন। পাকিস্তানে তাঁর অবস্থান ও জীবনযাপন নিয়ে নানা সময়ে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এবার দাউদের ব্যক্তিগত জীবন, নিরাপত্তাব্যবস্থা ও অপরাধজগতের নেটওয়ার্ক নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেছেন কামরান ফরিদি। নিজেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সাবেক এজেন্ট হিসেবে পরিচয় দেওয়া এই ব্যক্তি দাবি করেছেন, একসময় দাউদের নেটওয়ার্কে অনুপ্রবেশ করে তাঁকে কাছ থেকে দেখেছেন।

সম্প্রতি সাংবাদিক অরবিন্দ ওঝার উপস্থাপনায় ইন্ডিয়া টুডের পডকাস্টে এসব কথা বলেন কামরান। তবে তাঁর দেওয়া তথ্যগুলোর স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর এফবিআইয়ে কাজ করার দাবির বিষয়টিও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কামরানের দাবি, পাকিস্তানের নিরাপত্তা ও প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাউদকে ‘বড়ে সাব’ বা ‘বড়েওয়ালে সাব’ বলে সম্বোধন করেন। তিনি আরও দাবি করেন, করাচির ক্লিফটন এলাকার একটি সুরক্ষিত বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন দাউদ।

বাড়িটির নিচে গোপন সুড়ঙ্গ থাকার প্রচলিত দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে কামরান বলেন, বাড়িটির পেছনে একটি গোপন দরজা রয়েছে। ওই পথে বের হলে পাশের একটি ধর্মীয় স্থানে মানুষের ভিড়ের মধ্যে মিশে যাওয়ার সুযোগ রয়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়লে দাউদকে ইসলামাবাদসহ বিভিন্ন স্থানের সেফ হাউসে সরিয়ে নেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

দাউদের চলাফেরা ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও বিস্তারিত বর্ণনা দিয়েছেন কামরান। তাঁর ভাষ্য, রাত ১০টার পর দাউদের কর্মকাণ্ড শুরু হয় এবং ভোরের আগে তিনি বাড়িতে ফিরে যান। এ কারণে তাঁকে ‘রাত কা বাদশাহ’ বা রাতের রাজা বলে উল্লেখ করেন কামরান। তাঁর দাবি, দাউদের নিরাপত্তায় ৩৫ থেকে ৪৫ জন সশস্ত্র রক্ষী নিয়োজিত থাকেন। তাঁদের হাতে একে-৪৭সহ বিভিন্ন ধরনের অস্ত্র থাকে। পাকিস্তানের স্পেশাল সার্ভিসেস গ্রুপের (এসএসজি) কমান্ডোরাও তাঁকে নিরাপত্তা দিয়ে থাকেন বলে দাবি তাঁর।

দাউদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও কিছু তথ্য তুলে ধরেছেন কামরান। তাঁর দাবি, প্রথম স্ত্রী মেহজাবিনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় পাকিস্তানে এক পাঠান নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ। আয়েশা নামে পরিচিত ওই নারীর বয়স দাউদের চেয়ে প্রায় ২০ বছর কম বলেও দাবি করেন তিনি। করাচির রাস্তায় কালো মার্সিডিজ গাড়িতে ওই নারীকে নিয়ে দাউদকে চলাচল করতে দেখেছেন বলেও জানান কামরান।

এ ছাড়া দাউদের অপরাধজগতের সাম্রাজ্যের উত্তরাধিকার নিয়ে তাঁর দুই ভাই শাকিল ও আনিস ইব্রাহিমের মধ্যে বিরোধ চলছে বলে দাবি করেন কামরান। তাঁর ভাষ্য, দুই ভাইয়ের সম্পর্ক এতটাই তিক্ত যে তাঁরা পরস্পরের সঙ্গে যোগাযোগও রাখেন না।

তবে এসব বক্তব্যের অধিকাংশই কামরান ফরিদির ব্যক্তিগত অভিজ্ঞতা ও দাবি হিসেবে পডকাস্টে উঠে এসেছে। দাউদের বর্তমান অবস্থান, নিরাপত্তাব্যবস্থা, পারিবারিক জীবন কিংবা তাঁর দুই ভাইয়ের মধ্যকার বিরোধ সম্পর্কে স্বাধীন কোনো নিশ্চিত তথ্য পডকাস্টে উপস্থাপন করা হয়নি। ফলে এসব দাবিকে প্রতিষ্ঠিত তথ্য হিসেবে বিবেচনার সুযোগ নেই।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com