রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান

আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৩১:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৩১:৫৭ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ৮৪ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু হয়। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টায় ৮৪ ঘণ্টা পূর্ণ হলেও আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রেখেছেন।

কর্মসূচি চলাকালে তাঁরা রাকসু না সিন্ডিকেট, রাকসু রাকসু, প্রশাসনের কালক্ষেপণ মানবে না শিক্ষাঙ্গন এবং রাকসু আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’সহ বিভিন্ন স্লোগান দেন।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, প্রশাসন ভর্তি পরীক্ষা ও অডিটের অজুহাতে রাকসু নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে। তাদের বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা কর্মসূচি প্রত্যাহার করবেন না।

মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, প্রশাসনের দেওয়া যুক্তিতে শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। রাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, রাকসু নির্বাচনে প্রায় দেড় কোটি টাকা ব্যয় হয়েছে। এ অর্থের সমন্বয় ও অডিট সম্পন্ন হওয়ার পরই রাকসু নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

এর আগে অবস্থান কর্মসূচির প্রথম দিন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, রাকসুর সদস্যরা বিভিন্ন কাজে প্রায় সোয়া কোটি টাকা ব্যয় করেছেন। তবে এখনো ওই অর্থের হিসাব পাওয়া যায়নি। হিসাবের সমন্বয় ও অডিট এবং ভর্তি পরীক্ষা শেষ হলে রাকসু নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে। সাধারণ শিক্ষার্থীদের অর্থ ব্যয়ের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com