পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:৪৬:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৯:৪৬:০৮ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় খাল খননের পর দুই পাড়ে রোপণ করা প্রায় চার হাজার গাছের চারার অধিকাংশই উধাও হয়ে গেছে। কোথাও চারা কেটে ফেলা হয়েছে, কোথাও খালপাড়ের জমি দখল করে চলছে চাষাবাদ। সংশ্লিষ্ট দপ্তরগুলোর তদারকির অভাবে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি কার্যত ব্যাহত হচ্ছে।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছরের এপ্রিলে সরকারি খাল খনন কর্মসূচির আওতায় ভাল্লুকগাছি ইউনিয়নের নন্দনপুরের সন্ধ্যা নদী থেকে কান্তার বিলের হোজা নদী পর্যন্ত ৫ কিলোমিটার ৩৮৯ মিটার খাল খনন করা হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খালের দুই পাড়ে প্রায় চার হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

গত ১৩ নভেম্বর কান্তার বিল এলাকায় সরেজমিনে দেখা যায়, খালের দুই পাড়ের অনেক স্থানেই রোপণ করা চারাগাছ নেই। কোথাও জমি চাষের জন্য প্রস্তুত করা হচ্ছে, আবার কোথাও ফসলের ক্ষেত তৈরি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমির মালিকদের কেউ কেউ চারা কেটে খালপাড়ের জমি দখল করে চাষাবাদ করছেন।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম ও জাবেদ আলী জানান, চারা রোপণের পর সংশ্লিষ্ট দপ্তরের লোকজন নিয়মিত খোঁজখবর নেননি। এ সুযোগে অনেক জায়গায় গাছ কেটে জমি চাষের উপযোগী করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবা আখতার বলেন, তাঁদের দপ্তরের উদ্যোগে এক হাজার ৫০০টির বেশি চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে কিছু চারা মারা গেছে, আবার কিছু নিধন করা হয়েছে। যেসব স্থানে চারা নেই, সেখানে নতুন করে রোপণ করা হবে।

ভাল্লুকগাছি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন বলেন, খালপাড়ের গাছ নিধনের অভিযোগ তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাবি করেন, তাঁদের দপ্তরের রোপণ করা এক হাজার ৪৫০টি চারা যথাস্থানে রয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঝেমধ্যে সেগুলোর খোঁজখবর নেন। অন্য দপ্তরের রোপণ করা চারার বিষয়ে তাঁর জানা নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান বলেন, কয়েকটি স্থানে স্থানীয় কৃষকেরা পেঁয়াজ ও রসুন চাষের জন্য গাছের চারা কেটে ফেলেছেন। সংশ্লিষ্ট কৃষকদের সেখানে আবার গাছ লাগাতে বলা হয়েছে। তাঁরা তা না করলে সরকারি উদ্যোগে নতুন করে চারা রোপণ করা হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com