৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৮:৩৭:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৮:৩৭:৫৭ অপরাহ্ন
ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন, চাকরি স্থায়ীকরণ, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন বিক্রয় প্রতিনিধিরা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় নগরীর জিরো পয়েন্টে রাজশাহী বিক্রয় প্রতিনিধি জোটের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিপুলসংখ্যক বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারে বিক্রয় প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে তাঁরা ন্যায্য বেতন, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনাকালসহ বিভিন্ন দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা জরুরি ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। অথচ তাঁদের পেশাগত নিরাপত্তা ও মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়নি।

রাজশাহী বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি মোঃ রফিকুল আলম মুদুল বলেন, বিক্রয় প্রতিনিধিদের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা মূল বেতন, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এবং চাকরি স্থায়ীকরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তাঁরা কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করবেন, তা নির্ধারণের দাবি জানান তিনি। দাবিগুলো বাস্তবায়ন না হলে সারাদেশের সঙ্গে সমন্বয় করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

সংগঠনের সাধারণ সম্পাদক মিলন খান বলেন, বিক্রয় প্রতিনিধিরা দিনরাত পরিশ্রম করে প্রতিষ্ঠানের উৎপাদন ও বিপণন কার্যক্রম সচল রাখলেও তাঁদের ন্যায্য বেতন, বোনাস ও আবাসন সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। এ অবস্থা অমানবিক।

মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মোস্তফা, সহকারী পরিকল্পনা সম্পাদক আনোয়ার হোসেন, রাজশাহী শাখার সিনিয়র সহসভাপতি সুমন শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com