জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৮:৩১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৮:৩১:৪৫ অপরাহ্ন
বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬ এর রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল অ্যারো ভেনম। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দলটি নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর লালমনিরহাট ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিযোগিতায় অংশ নিয়ে টিম অ্যারো ভেনম তাদের উদ্ভাবনী ধারণা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরে। দ্বিতীয় স্থান অর্জন করায় টিমকে ষাট হাজার টাকা পুরস্কারের ডেমো চেক হস্তান্তর করা হয়। দলের পক্ষ থেকে অংশগ্রহণ করেন ২০২০-২১ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম।

দলের অন্যান্য সদস্যরা হলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের আব্দুল্লাহ আল মারযুক, নাইমুর আলম আশিক ও রাফি উদ্দীন সোহাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের নাবিল আজাদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ইশতিয়াক আহমেদ ইমন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মাহমুদুল হাসান মেহরাজ ও তাহমিদ হাসান ফুয়াদ অংশগ্রহণ করেন। বর্তমানে দলটিতে বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন সদস্য কাজ করছেন। এ আয়োজনে দলের সঙ্গে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের প্রধান এবং দলটির উপদেষ্টা অধ্যাপক ড. মাসুদ রানা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা দেশের তরুণদের মেধা, সাহস ও সম্ভাবনা বিকাশের গুরুত্বপূর্ণ উদ্যোগ। তরুণদের উদ্ভাবনকে শুধু প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে তরুণদের চাকরি প্রার্থী হওয়ার সাথে উদ্ভাবক, গবেষক ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ জরুরি। এ ক্ষেত্রে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এএইউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান বলেন, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিক্স প্রযুক্তিতে আগ্রহী তরুণ, উদ্ভাবক ও প্রযুক্তি প্রেমীদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনীর পর প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশেষায়িত গবেষণাগার এবং অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবটিক্স ও স্পেস প্রযুক্তি সরেজমিনে পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম, বিশেষায়িত গবেষণাগারের সুযোগ-সুবিধা এবং অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী রোটরক্রাফট, ফিক্সড উইং, সকার বট ও স্পেস রোবোটিক্স এই চারটি বিভাগে অংশ নিচ্ছেন। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিক্স বিভাগে ৪টি দলের ৩০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য, এএইউবির উপাচার্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com