ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৭:২৫:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৭:২৫:১৩ অপরাহ্ন
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী। সাগরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁদের দ্বীপেই অবস্থান করতে হবে।

জানা গেছে, উত্তাল সাগরের কারণে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েছেন শিক্ষা সফরে যাওয়া শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে তাঁরা সেখানে আটকা পড়েছেন। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও উপাচার্যের নিয়মিত খোঁজখবর এবং সহযোগিতার আশ্বাস তাঁদের মনোবল বাড়িয়েছে। সফর বাতিল ও অতিরিক্ত অবস্থানের কারণে শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনও সহযোগিতা করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই তিনি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন। সাগরের ঢেউ কমে এলে শিক্ষার্থীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সুপার তাঁকে আশ্বস্ত করেছেন।

উপাচার্য আরও বলেন, অতিরিক্ত দুই দিন অবস্থানের কারণে শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করছে। বাংলা বিভাগের সভাপতির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সাগরের পরিস্থিতি অনুকূলে না থাকলে তাঁদের আরও এক দিন সেখানে থাকতে হতে পারে। উত্তাল সাগরে যাতায়াত না করতে শিক্ষার্থী ও শিক্ষকদের সতর্ক করা হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com