মানুষের চেয়ে অনেক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে কাক!

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৭:২৩:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৭:৪১:৫১ অপরাহ্ন
মানুষ পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী— এই ধারণা আগেই নস্যাৎ করে দিয়েছেন বিজ্ঞানীরা। স্মৃতিশক্তির পরীক্ষা হোক বা জটিল ধাঁধার সমাধান, বার বার মানুষকে টেক্কা দিয়েছে কোনও না কোনও পশু বা পাখি। এ বার কাকের মস্তিষ্কের দৌড় মাপতে গিয়েও হোঁচট খেতে হল মনোবিজ্ঞানীদের। বিস্মিত হয়ে তাঁরা দেখলেন, কাক মানুষের চেয়ে অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। গবেষণাগারের তাবড় বিজ্ঞানীরা কেউ পেরেই উঠলেন না দু’টি কাকের গতির সঙ্গে!

জার্মানির টিউবিনজেন বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কাকের মস্তিষ্কের কার্যকলাপ, স্মায়বিক গতি নিয়ে একটি গবেষণা হয়েছে। নেতৃত্বে ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের নিউরোবায়োলজি ইনস্টিটিউটের অধ্যাপক ফিলিপ স্মিটবাওয়ার এবং আন্দ্রেয়াস নিডার। তাঁদের গবেষণার ফল গত মাসে ‘সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁরা দেখিয়েছেন, মানুষ ও বানরের চেয়ে প্রায় দ্বিগুণ বেশি গতিতে কোনও দৃশ্যমান সঙ্কেত অনুধাবন করে তাতে সাড়া দিতে পারে কাক। গবেষণায় এই প্রথম বার কোনও পাখির সিদ্ধান্তগ্রহণে স্নায়বিক গতি পরিমাপ করা হল। যার ফলাফল দেখে বিজ্ঞানীদের কৌতূহল আরও বেড়ে গিয়েছে। নিউ জ়িল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী মাইক কলম্বো বলেন, ‘‘পাখিরা বানরের চেয়ে, আমাদের মতো মানুষের চেয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। ভাবতেও পারি না। ওরা অবিশ্বাস্যরকম দ্রুত। পাখিদের মস্তিষ্কের গঠন যে আকর্ষণীয়, তা বুঝতে আমাদের ২০ বছর লেগে গিয়েছে।’’

জার্মানির গবেষণাগারে লেমি এবং ইগি নামের দু’টি কাক রয়েছে। অতীতে একাধিক বৈজ্ঞানিক গবেষণায় তাদের নিয়ে কাজ করা হয়েছে। সাম্প্রতিক গবেষণাটির কেন্দ্রেও রয়েছে সেই দুই মূর্তি। কাক দু’টির সামনে কালো স্ক্রিন রাখা হয়েছিল। তাতে অজস্র সাদা বিন্দু ঘোরাফেরা করছিল। সেই সমস্ত বিন্দুর অভিমুখ অনুযায়ী তাদের স্ক্রিনে ঠোক্কর দিতে শেখানো হয়েছিল। বেশ কয়েক সপ্তাহের প্রশিক্ষণের পর এই কাজে তারা রপ্ত হয়। বিন্দুগুলির অভিমুখ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাম থেকে ডানে বা ডান থেকে বামে ঠোক্কর দেয় কাকগুলি। পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের তিন সেকেন্ড সময় বরাদ্দ করেছিলেন গবেষকেরা। দেখা যায়, বাস্তবে এক সেকেন্ডেরও কম সময়ে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে এবং যথাযথ ভাবে সাদা বিন্দু অনুযায়ী ঠোঁট মেলাচ্ছে। সিদ্ধান্ত নিতে দু’টি কাকের সময় লেগেছে মাত্র ২৩৫ মিলিসেকেন্ড! একই পরীক্ষায় বানর বা মানুষের এর দ্বিগুণ সময় লাগে, জানিয়েছেন বিজ্ঞানীরা। গবেষণাগারে উপস্থিত সকল কর্মী ও আধিকারিকের পরীক্ষা নেওয়া হয়। কিন্তু স্নাতক, পিএইচডি ডিগ্রিধারীরাও কাকদের গতির কাছে হার মেনেছেন। গবেষণাপত্রের অন্যতম লেখক আন্দ্রেয়াস বলেছেন, ‘‘এমন ফলাফল আমরা আশাই করিনি!’’

কাকগুলির ঠোক্করের সময়ে ইলেক্ট্রোডের মাধ্যমে তাদের স্নায়বিক কার্যকলাপ রেকর্ড করা হচ্ছিল। পাখিদের মস্তিষ্কে নিডোপ্যালিয়াম কডোল্যাটেরালে নামক একটি অংশ থাকে, যা প্রাইমেটদের প্রিফ্রন্টাল কর্টেক্সের সঙ্গে তুলনীয়। আন্দ্রেয়াসের মতে, ওই অংশ ‘মস্তিষ্কের সিইও’। পরিকল্পনা, স্মৃতি, চিন্তাভাবনার মতো মস্তিষ্কের জটিল কাজগুলি হয় সেখান থেকেই। কাকের মস্তিষ্কের ওই অংশ নিয়ে গবেষকেরা তাই বিশেষ কৌতূহলী ছিলেন। দেখা যায়, তাদের মস্তিষ্ক আকারে ছোট হলেও দ্রুত চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষ উপযোগী। কাকের নিডোপ্যালিয়াম কডোল্যাটেরালের সঙ্গে বানরের প্রিফ্রন্টাল কর্টেক্সের তুলনা করলে দেখা যায়, দু’জায়গায় প্রায় একই সংখ্যক নিউরন রয়েছে। কাকের ক্ষেত্রে তা কেবল ছোট জায়গায় ঘেঁষাঘেঁষি করে থাকে মাত্র।

কাক বা পাখিদের আকাশে উড়ে বেড়াতে হয়। আমাদের চেয়ে সেই দৈনন্দিন যাপন অনেক বেশি ঝুঁকিপূর্ণ। ওড়ার সময় যে কোনও বহিরাগত বিপদের সম্মুখীন হলে কয়েক মিলিসেকেন্ডের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হয়। বিজ্ঞানীদের দাবি, সেই কারণেই কাকের এমন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিকশিত হয়েছে। শুধু তো কাক নয়, সাম্প্রতিক গবেষণায় পাখিদের একাধিক কীর্তি বিস্মিত করেছে বিজ্ঞানীদের।

দেখা গিয়েছে, ক্যানসারযুক্ত ও ক্যানসারবিহীন কোষের মধ্যে পার্থক্য করতে পারে পায়রারা। সংখ্যা, শব্দ এবং অর্থহীন শব্দের ফারাকেও তারা সক্ষম। কাক তথা করভিড গোষ্ঠীর পাখিরা বুঝতে পারে অন্য পাখি কী ভাবছে। এমনকি, সেই অনুযায়ী কাজও করতে পারে তারা। মস্তিষ্কের আকার ছোট হওয়ায় অতীতে পাখিদের বুদ্ধি নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান ছিলেন। যত দিন যাচ্ছে, সেই ধারণা ভেঙে যাচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com