মেকআপের আড়ালে লুকিয়ে দীর্ঘ ক্লান্তি! ত্বকের ক্ষতি রুখতে কী ব্যবস্থা নেবেন?

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৭:০০:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৭:০০:৪০ অপরাহ্ন
বিমানে উঠলেই, বিমান সেবিকাদের হাসিমুখ, সুন্দর চেহারা দেখে মন ভাল হয়ে যায়। যাত্রীদের সমস্ত আবদার, প্রয়োজন তাঁরা হাসিমুখে মেটানোর চেষ্টা করেন, কেউ ক্ষুব্ধ হলেও মিষ্টি কথায় সামলান। পরিপাটি হয়ে তাঁদের থাকতে হয় পেশাগত কারণেই। কিন্তু এর আড়ালেই যে ক্লান্তি লুকিয়ে, তা ক’জনই বা টের পান?

সম্প্রতি সমাজমাধ্যমে দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতার ঝুলি তুলে ধরেছেন কেবিন ক্রু মেন্টর এবং বিষয়স্রষ্টা সঙ্গীতা সেন। বিমানসংস্থার নিয়ম মেনে তাঁকে প্রতিদিন ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ, আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা ও লিপস্টিক দিয়ে ‘ফুল-ফেস মেকআপ’ করতে হয়।

সঙ্গীতা জানান, প্রতি ১২ ঘণ্টা অন্তর নতুন শিফট শুরু হওয়ার আগে তাঁদের এই একই নিয়ম অক্ষরে অক্ষরে মেনে সাজতে হয়। তিনি বলেন, ‘‘সত্যি বলতে, মাঝে মাঝে আমার ভীষণ একঘেয়ে লাগে। প্রতিদিন সেই একই জিনিস! বার বার মেকআপ করতে করতে ত্বক একেবারে রুক্ষ ও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই ছুটির দিনে বাইরে বেরোলে আর একদমই সাজতে ইচ্ছে করে না, কারণ তখন ত্বকটাকে একটু শ্বাস নিতে দিতে হয়। কাজটা মোটেও সহজ নয়, তবুও বাধ্য হয়ে করতে হয়।’’

প্রতিদিন টানা ১২ ঘণ্টা ভারী মেকআপের স্তর মুখে মেখে রাখার ফলে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়ে, মাঝে মধ্যেই র‍্যাশ বেরোয়। শুধু বিমানসেবিকাদের নয়, অভিনয়জগৎ বা আরও এমন অনেক পেশা রয়েছে যেখানে দীর্ঘ সময় ধরে চড়া মেকআপ করে থাকতে হয়। দীর্ঘক্ষণ মুখে প্রসাধনীর পরত থাকলে ত্বকের ক্ষতি হতে পারে। কিন্তু যাঁদের ক্ষেত্রে তা বাধ্যতামূলক, তাঁরা কী করবেন? কী ভাবে ত্বকের যত্ন নেবেন?

ত্বকের প্রস্তুতি

আর্দ্রতা: প্রথমে ভাল কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটি হাইড্রেটিং টোনার বা হায়ালুরনিক অ্যাসিড সিরাম লাগান। ত্বক ভেতর থেকে আর্দ্র থাকলে ভারী মেকআপ ত্বককে শুষ্ক করতে পারে না।

ময়েশ্চারাইজ়ার: সেরামাইড যুক্ত একটি ময়েশ্চারাই়জ়ার ব্যবহার করুন। এটি ত্বকের উপর একটি সুরক্ষা স্তর তৈরি করে, ফলে মেকআপ সরাসরি রোমকূপের ভেতরে ঢুকে ক্ষতি করতে পারে না।

প্রাইমার: মেকআপ শুরু করার আগে ত্বকের উপযোগী প্রাইমার লাগিয়ে নিন। এটি ত্বক এবং মেকআপের মাঝে একটি ঢাল হিসেবে কাজ করে এবং মেকআপ দীর্ঘস্থায়ী করে।

লিপ বাম: লিপস্টিক লাগানোর অন্তত ১০ মিনিট আগে ঠোঁটে ভাল করে লিপ বাম লাগিয়ে নিন। এতে দীর্ঘক্ষণ ম্যাট লিপস্টিক পরে থাকলেও ঠোঁট ফাটবে না।

মেকআপ থাকাকালীন যত্ন

ফেস মিস্ট: কাজের ফাঁকে মাঝেমধ্যে মুখে হাইড্রেটিং ফেস মিস্ট বা গোলাপজল স্প্রে করতে পারেন। এতে ত্বক সতেজ থাকে।

ব্লটিং পেপার: মুখ তেলতেলে হয়ে গেলে বারবার কমপ্যাক্ট পাউডার না লাগিয়ে ব্লটিং পেপার দিয়ে আলতো করে চেপে অতিরিক্ত তেল শুষে নিন। বার বার পাউডার লাগালে রোমকূপ বন্ধ হয়ে র‍্যাশ বার হতে পারে।

পর্যাপ্ত জল পান: ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখতে কাজের ফাঁকে প্রচুর পরিমাণে জল খান।

মেকআপ তোলার পরবর্তী যত্ন

ডবল ক্লিনজ়িং: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। প্রথমে ক্লিনজ়িং অয়েল, ক্লিনজ়িং বাম বা মাইসেলার ওয়াটার দিয়ে পুরো মেকআপ ভাল করে তুলে নিন। এরপর একটি মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুধু ফেসওয়াশ দিয়ে ভারী মেকআপ কখনও পরিষ্কার হয় না।

চোখ ও ঠোঁটের বিশেষ যত্ন: ওয়াটারপ্রুফ মাস্কারা বা গাঢ় লিপস্টিক তোলার সময় ঘষাঘষি করবেন না। তুলোয় ক্লিনজ়িং অয়েল বা মেকআপ রিমুভার নিয়ে চোখের ওপর ১০ সেকেন্ড চেপে ধরে রাখুন, তারপর আলতো হাতে মুছে নিন।

রাতের পরিচর্যা: মুখ পরিষ্কার করার পর নিয়াসিনামাইড যুক্ত সিরাম এবং একটি ভাল নাইট ক্রিম লাগান। সপ্তাহে অন্তত ১-২ দিন হাইড্রেটিং শিট মাস্ক ব্যবহার করলে ত্বক সতেজ থাকবে।

মেকআপ-মুক্ত দিন: ছুটির দিনে বা কাজ না থাকলে ত্বককে একদম মেকআপ-মুক্ত রাখুন, যাতে ত্বক শ্বাস নিতে পারে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com