রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১২:১৭:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১২:১৭:২৭ পূর্বাহ্ন
রাজশাহী নগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যাংক ভবনে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। 

এতে ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিংয়ে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আ. ক. ম. শামসুদ্দোহা জানান, রাত ১টা ২৪ মিনিটের দিকে রাস্তা থেকে কে বা কারা এরিয়া অফিসের বারান্দার জানালা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করে। এতে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন ও বাইরে একজন নৈশপ্রহরী ছিলেন। আগুন দেখতে পেয়ে পিয়ন দ্রুত তা নিভিয়ে ফেলেন। খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে গিয়ে তিনি দুটি জানালা ক্ষতিগ্রস্ত দেখতে পান। তবে অফিসের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

জানা গেছে, বনলতা আবাসিক এলাকার ওই ভবনের ওপরের তলায় গ্রামীণ ব্যাংকের অডিট কার্যালয়, মাঝের তলায় জোনাল কার্যলয় এবং নিচতলায় এরিয়া কার্যলয় রয়েছে। এ জোনাল অফিসের অধীনে তিনটি জেলা ও নওগাঁর একটি থানাসহ মোট ৮২টি শাখা এবং আটটি এরিয়া কার্যলয় পরিচালিত হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে ব্যাংকের এরিয়া ম্যানেজার ও প্রশাসনিক কর্মকর্তা শাহ মখদুম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ব্যাংক ভবন লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এতে নিচতলার রাস্তার পাশের জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম, গুরুত্বপূর্ণ নথি কিংবা সম্পদের কোনো ক্ষতি হয়নি।’ 

ওসি আরও বলেন, ‘কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’  

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com