‘কথা বলার শিষ্টাচার জানেন না, আপত্তিকর আচরণ’, নওয়াজউদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া!

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:১০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:১০:৩৫ অপরাহ্ন
সমাজমাধ্যমে একটি পোস্ট। আর তা ঘিরেই শুরু হয়েছে তুমুল জল্পনা। অভিনেতা নওয়াজ়উদ্দীন সিদ্দীকীকে কড়া ভাষায় হঠাৎ কটাক্ষ করলেন দীয়া মির্জ়া! বুধবার ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ বার্তা পোস্ট করেন অভিনেত্রী। সেখানে কারও নাম না লুকিয়েই নওয়াজ়উদ্দীনকে ট্যাগ করে সরাসরি কটাক্ষ করেছেন তিনি। অভিনেতার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দীয়া জানিয়েছেন, নওয়াজ়ের সঙ্গে কাজ করা দুঃস্বপ্নের মতো। তাঁর আচরণেও নাকি ক্ষুব্ধ অভিনেত্রী। এই পোস্ট দেখেই প্রশ্ন উঠছে, কী এমন হল যে, সরাসরি প্রকাশ্যে এমন তোপ দাগলেন দীয়া?

বুধবার সকালে ইনস্টাগ্রামের স্টোরিতে নওয়াজ়কে ট্যাগ করে দীয়া লেখেন, “একসঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো! কথা বলার ন্যূনতম শিষ্টাচারটুকুও ওর মধ্যে নেই। তার উপরে এমন মনোভাব! অত্যন্ত আপত্তিকর চরিত্রের মানুষ!” তবে ঠিক কোন ঘটনা থেকে তাঁর এই ক্ষোভ, তা নিয়ে কোনও ব্যাখ্যা দেননি দীয়া।

দীয়ার এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। নওয়াজ়উদ্দীনের কোন আচরণে অসন্তুষ্ট হলেন অভিনেত্রী? কোনও ছবির শুটিং চলাকালীন কি এমন ঘটনা ঘটেছে, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? আপাতত সবটাই জল্পনার স্তরে। তবে নেটাগরিকের একাংশের দাবি, এটি কোনও কাজেরই প্রচার। একসঙ্গে কোনও কাজ করছেন এবং তার দৃষ্টি আকর্ষণ করতেই এমন পোস্ট করেছেন দীয়া। নেটাগরিকের চোখে এটাও পড়েছে যে, দীয়া ও নওয়াজ় পরস্পরকে ইনস্টাগ্রামে ফলোও করেন।

দীয়ার এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি নওয়াজ়উদ্দীন। অভিনেতার তরফেও আসেনি কোনও ব্যাখ্যা। ফলে দুই তারকার মধ্যে ঠিক কী ঘটেছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে আপাতত। যদিও চলচ্চিত্রপ্রেমীদের অনুমান, দু’জন একসঙ্গে কাজ করছেন বলেই এই কৌশলী পোস্ট করেছেন।

উল্লেখ্য, দীয়া ও নওয়াজ়উদ্দীন একসঙ্গে ‘ডক্টর হাসান’ নামে একটি ওয়েব সিরিজ়ে কাজ করছেন। আগামী ১১ ডিসেম্বর রোহন সিপ্পী পরিচালিত এই সিরিজ় মুক্তি পাওয়ার কথা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com