চট্টগ্রামের কর্ণফুলীতে নুরুল আবছার হত্যা মামলার রহস্য উদঘাটন, দুই পলাতক আসামি গ্রেফতার

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:১০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:১০:৫৪ অপরাহ্ন
চট্টগ্রামের কর্ণফুলীতে চাঞ্চল্যকর নুরুল আবছার (২২) হত্যা মামলায় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী থানার সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার আব্দুছ ছমদের ছেলে মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)।

মামলার বিবরণে জানা যায়, নিহত নুরুল আবছার কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার আব্দুর রহিমের ছেলে। পারিবারিক কলহের জেরে প্রায় দুই মাস আগে তার স্ত্রী নাজমা আক্তার বাবার বাড়িতে চলে যান। এ সময় তাদের ১৪ মাস বয়সী শিশু সন্তান আব্দুল্লাহ তার দাদা আব্দুর রহিমের কাছে ছিল। পরবর্তীতে শিশুটিকে দুই লাখ টাকার বিনিময়ে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে কল করে নুরুল আবছারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন ১১ নভেম্বর বিকেল ৫টার দিকে চরলক্ষ্যা হিন্দুপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় তার হাত বাঁধা ছিল বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হয়, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে নুরুল আবছারকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৮, তারিখ ১১ নভেম্বর ২০২৬। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর এসআরবি-৭, চট্টগ্রাম মামলাটির ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পলাতক দুই আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৭ নভেম্বর রাতে সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোহাম্মদ সুমন ও মোহাম্মদ আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com