ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষ ভালো ফলন ও দামে কৃষেরক মুখে হাসি

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:০৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:০৫:২৬ অপরাহ্ন
দিনাজপুরের ফুলবাড়ীতে এবার মাচা পদ্ধতিতে রেকর্ড পরিমাণ জমিতে আগাম শিমের চাষ ও বাম্পার ফলন হয়েছে। শীতের আমেজ পুরোদমে জেঁকে বসার আগেই খেত থেকে বিপুল পরিমাণ আগাম শিম বাজারে উঠতে শুরু করেছে। গ্রামের পর গ্রমে মাঠজুড়ে এখন বেগুনি শিম ফুলের সমারোহ আর সবুজ শিমের সবুজ থোকা। অন্য ফসলের তুলনায় উৎপটাদন খরচ কম এবং অল্প সময়ে ভালো দাম পাওয়ায় আগাম শিম চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন উপজেলার প্রান্তিক কৃষক।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, কৃষক ও তাদের পরিবারের সদস্যরা ব্যস্ত সময় পার করছেন। খেত থেকে শিম তুলে বস্তাবন্দি করা, মাচা মেরামত করা ও পাইকারদের কাছে বিক্রির জন্য তা প্রস্তুত করতেই কাটছে তাদের দিন। মৌসুমের শুরুতেই ভালো দামে শিম বিক্রি করতে পেরে চাষিদের চোখে মুখে ফুটে উঠেছে সন্তুষ্টির ছাপ। প্রথম দিকে প্রতিকেজি শিম বাজারে ১২৫ থেকে ১৩০ টাকা কেজিদরে বিক্রি হলেও বর্তমানে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

উপজেলা শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের কৃষক রিয়াজুল ইসলাম জানান, ১২ শতক জমিতে বারি-১ জাতের শিম মাচা পদ্ধতিতে চাষ করেছেন। তিন দফায় ৪ হাজার টাকার শিম বিক্রি হয়ে গেছে। ১২ শতক জমিতে মাচা, সার, বীজ ও কীটনাশকসহ সব মিলিয়ে ৬ হাজার টাকার মতো খরচ হয়েছে। খেতের বর্তমান যা অবস্থা, দাম স্থিতিশীল থাকলে আরো অন্তত ৪০ হাজার টাকার শিম বিক্রি হবে। এতে ভালো মুনাফা পাওয়া যাবে। একই এলাকার আরেক কৃষক নূর ইসলাম ১৫ শতক জমিতে শিম চাষ করে প্রথম দিকে ১২০ টাকা কেজিতে শিম বিক্রি করেছেন।

তবে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকে শিম চাষে। কৃষক জানান, অতিবৃষ্টি, অসময়ে শিলাবৃষ্টি কিংবা অতিরিক্ত তাপহাদে শিমগাছের ফুল ঝরে পড়ে এবং শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে। এছাড়া ফল ছিদ্রকারী ও জাব পোকার আক্রমণ প্রতিরোধে বাড়তি বালাইনাশক প্রয়োগের প্রয়োজন হয়, যা উৎপাদন খরচ কিছুটা বাড়িয়ে দেয়।

এদিক খেত থেকে খুচরা বাজার পর্যন্ত শিমের বড় ব্যবধান দেখা গেছে। কৃষকদের কাছ থেকে ৯০ টাকায় কেনা শিম আড়তে ১১০ টাকা এবং খুচরা বাজারে ক্রেতা পর্যায়ে ১২০ থেকে ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, পরিবহন, শ্রমিক খরচ ও পচনের কারণে দাম কিছুটা বৃদ্ধি পায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, মাচা পদ্ধতিতে শিম চাষ অত্যন্ত লাভজনক। ফুলবাড়ীর উৎপাদিত এই মানসম্মত শিম স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য এলাকায় পাঠানো হচ্ছে। এ বছর উপজেলায় আগাম শীতকালীন শিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪০ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৪০ মেট্রিক টন। তবে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে শীতকালীন আগাম জাতের শিম চাষ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com