জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতী রায়হানকে সংবর্ধনা

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৬:০২:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৬:০২:০৬ অপরাহ্ন
নাটোরের লালপুরের কৃতী সন্তান, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হান সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয়
যুব পুরস্কার ২০২৬’-এ সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে লালপুরে কর্মরত সাংবাদিকরা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সিনিয়র সাংবাদিক অধ্যক্ষ ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে ও সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর তিতাস, উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, সাংবাদিক এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, এ কে আজাদ সেন্টু, সজিবুল ইসলাম হৃদয় প্রমুখ।

এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লালপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আব্দুল মোতালেব রায়হানের এই সাফল্য লালপুর উপজেলার জন্য এক অনন্য গৌরব ও সম্মানের। তাঁর এই অর্জন অত্র অঞ্চলের যুবসমাজকে আত্মনির্ভরশীল হতে এবং উদ্যোক্তা হতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, নাটোরের লালপুর উপজেলার তরুণ উদ্যোক্তা মো. আব্দুল মোত্তালেব রায়হান। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও যুবসমাজের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় যুব পুরস্কার-২০২৬ এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেন।

গত ১ নভেম্বর ২০২৬ রাজধানী ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুব দিবসের
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে পুরষ্কার তুলে দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‎লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল মোত্তালেব রায়হান ‎২০১৪ সালে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণের পর ছয়টি গরু নিয়ে খামার প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর উদ্যোক্তা জীবনের যাত্রা শুরু করেন। বর্তমানে কৃষি, মৎস্য, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং, পরিবহন, সাংবাদিককতা খাতে তাঁর রয়েছে বিভিন্ন উদ্যোগ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com