নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা ও নজরদারি বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৯:৪৭:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৯:৪৭:১৭ অপরাহ্ন
রাজশাহী বিভাগে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গত দুই মাসে ৭৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৪ লাখ ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়ে ৩৪৭টি খাদ্য স্থাপনা মনিটরিং এবং ৩৭টি প্রতিষ্ঠানের পণ্যের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি ও নজরদারি জোরদারের আহ্বান জানান। তিনি বলেন, শুধু জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নয়, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সচেতন করার মাধ্যমেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এ জন্য উপজেলা পর্যায়ে ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা এবং ডিজিটাল মাধ্যম ও টেলিভিশনে প্রচার বাড়াতে হবে।

সচেতনতার পরও কেউ খাদ্যে ভেজাল দিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সভায় জানানো হয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত মাসে রাজশাহী বিভাগে ১২২টি অভিযান পরিচালনা করেছে। গুরুতর অপরাধের ক্ষেত্রে জরিমানা, প্রতিষ্ঠান বন্ধ ও কারাদণ্ডের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাবনায় ভেজাল দুধ তৈরির দুটি মামলায় দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে শীত মৌসুমে খেজুরের গুড় উৎপাদন ও বাজারজাতকরণে ভেজাল প্রতিরোধে রাজশাহীর বাঘা, আড়ানী ও চারঘাট এবং নাটোরের লালপুর ও বাগাতিপাড়াসহ বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। গুড়ে রং ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর আশঙ্কায় অভিযান চালিয়ে ইতোমধ্যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং গুড় উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমান বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্যের বিকল্প নেই। শীত মৌসুমে নিপাহ ভাইরাসের সংক্রমণ এড়াতে কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করতে উপজেলা পর্যায়ে কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন।

সভা শেষে বিভাগীয় কমিশনার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন, সরকারি দপ্তর, ব্যবসায়ী সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com