রাবিতে আবাসন সংকট নিরসনে ভাসানীর নামে নতুন হল নির্মাণের দাবি

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৯:৩৬:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৯:৩৬:৩১ অপরাহ্ন
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন একটি আবাসিক হল নির্মাণ ও নামকরণের দাবি জানিয়েছে মাওলানা ভাসানী ফাউন্ডেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

এ দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতারা।

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া স্মারকলিপিতে তাঁর রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৭ সালের কাগমারী সম্মেলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণআন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায়ও আজীবন সংগ্রাম করেছেন এই নেতা।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ১৯৭৬ সালে ফারাক্কা বাঁধের প্রতিবাদে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে চাঁপাইনবাবগঞ্জের কানসাট পর্যন্ত ঐতিহাসিক লংমার্চ করেন ভাসানী। এর মাধ্যমে পানির ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেন তিনি।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সংকট নিরসনে নতুন আবাসিক হল নির্মাণের পাশাপাশি ভবিষ্যতে নির্মিত কোনো একটি হলের নাম ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হল’ রাখার দাবি জানানো হয়। ফাউন্ডেশনের নেতাদের মতে, এর মাধ্যমে জাতীয় এই নেতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে তাঁর আদর্শ ও সংগ্রামের চেতনা ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com