পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৯:১৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৯:১৬:৫৯ অপরাহ্ন
গঙ্গার পানিবণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতে জাতীয় ঐক্য, জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী নগরীর পূবালী মার্কেটে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়ন এবং পানির ন্যায্য অধিকার প্রাপ্তির নিশ্চয়তা বিধানে আমাদের করণীয় শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মো. এনামূল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক উপাচার্য ও রাকাবের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, ড্যাব রাজশাহীর সভাপতি ডা. ওয়াসিম হোসেন, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান, বরেন্দ্র পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি ড. জাকির হোসেন খান, সুজনের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ড. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা এবং রাজশাহী চেম্বারের সাবেক সহসভাপতি মোঃ সুলতান মাহমুদ সুমন।

সভায় বক্তারা বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অবিসংবাদিত নেতা। শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তিনি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের নদ-নদী ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা জাতীয় স্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়। গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের পাশাপাশি নদী রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের পানির নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে মাওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com