১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৮:৩৯:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৮:৩৯:৪২ অপরাহ্ন
ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তার কার্যালয় থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, প্রবীণ এই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার কার্যালয়। বিবৃতিতে তাকে আহলে বাইতের আদর্শে নিবেদিত একজন প্রখ্যাত ইসলামি আইনবিশারদ, শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং ধর্মীয় শিক্ষার একজন খ্যাতিমান শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৯২১ সালে জন্মগ্রহণ করা আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি জীবনের অধিকাংশ সময় ইসলামি জ্ঞানচর্চা, গবেষণা ও ধর্মীয় শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করেন। তাদের অনেকেই পরবর্তী সময়ে বিশিষ্ট ইসলামি পণ্ডিত হিসেবে পরিচিতি লাভ করেন।

ইসলামি আইনশাস্ত্র, ধর্মীয় গবেষণা এবং শিয়া মুসলিমদের ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য।

ইরাকের নাজাফে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণের পর তিনি ইরানে ফিরে আসেন এবং কোমের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে দীর্ঘদিন শিক্ষকতা করেন। শিয়া মুসলিমদের কাছে তিনি একজন প্রভাবশালী মারজা বা অনুসরণীয় ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুর আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময় ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধিরা তাকে দেখতে যান বলে তাসনিম জানিয়েছে।

তার মৃত্যুতে শিয়া ধর্মীয় শিক্ষা ও গবেষণার অঙ্গনে একজন প্রবীণ আলেমের দীর্ঘ কর্মজীবনের অবসান ঘটল। তার জানাজা, দাফন ও শোকানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com