‘আমি হয়তো আর জীবিত ফিরব না’, নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে পাক সুপ্রিম কোর্টের বিচারপতিদের খোলা চিঠি লিখলেন ইমরান

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৫:৩৬:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৫:৩৬:১৫ অপরাহ্ন
জেলবন্দি প্রাক্তন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ও তাঁর স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থার মারাত্মক অবনতির কথা জানিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতিদের একটি চিঠি লিখেছেন। সোমবার ইমরানের আইনজীবী সলমন সফদর সমাজমাধ্যমে চিঠিটি প্রকাশ করেছেন। সেখানে নিজের প্রাণসংশয়ের আশঙ্কা করে অবিলম্বে চিকিৎসার জন্য আর্জি জানিয়েছেন ইমরান।

তাঁদের চিকিৎসার জন্য আদালতের দেওয়া নির্দেশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার বাস্তবায়ন করেনি জানিয়ে ইমরানের দাবি— মস্তিষ্কে রক্তক্ষরণ এবং হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার প্রবল ঝুঁকি রয়েছে তাঁর। জেলবন্দি বুশরার স্থায়ী ভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে। সে কারণে বাধ্য হয়ে নিজের আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টকে এই চিঠি লিখেছেন। এর পরেই ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা-প্রধান লিখেছেন, ‘‘৭৪ বছর বয়সে এই পরিস্থিতি আমাকে এমন এক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে আমি হয়তো আর জীবিত ফিরে আসতে পারব না!’’ দীর্ঘ সময় ধরে নির্জন কারাবাস তাঁর শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উপরেও নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের দাবি। তাঁকে পরিবারের সঙ্গে ধারাবাহিক ভাবে যোগাযোগের সুযোগ দেওয়ার জন্য মেডিক্যাল বোর্ডের সুপারিশও জেল কর্তৃপক্ষ বাস্তবায়ন করেননি বলে পাক শীর্ষ আদালতকে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি ইমরান। তোষাখানা-২ মামলায় ২০২৫ সালে ১৭ বছরের সাজা হয়েছিল ইমরান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির। সেই রায়কে চ্যালেঞ্জ করে ইমরান-বুশরার আবেদন এখন ইসলামাবাদ হাই কোর্টের বিবেচনাধীন। ২০২৪ সালে তোষাখানা-১ মামলায় ১৪ বছর জেলের সাজা হলেও তা ইতিমধ্যেই স্থগিত করেছে ইসলামাবাদ হাই কোর্ট। স্থগিত হয়েছে ‘ন্যাব’ দুর্নীতি মামলা এবং নির্বাচন কমিশনের মামলায় জেলের সাজাও। প্রধানমন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে আল-কাদির রিয়েল এস্টেট কোম্পানির কাছ থেকে অবৈধ ভাবে জমি ও সুবিধা নেওয়ার মামলায় তাঁর ১৪ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া ‘রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস’-সহ একাধিক মামলা চলছে ইমরানের বিরুদ্ধে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com