হাতে টাকা গুঁজে দিয়ে ফেরত নিয়ে নেওয়া হচ্ছে! কাদের উপর এ বার ক্ষোভ প্রকাশ করলেন শরদ কপূর?

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৫:২২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৫:২২:২০ অপরাহ্ন
অসুস্থতার কারণে আর্থিক সাহায্য এবং কাজের আবেদন জানিয়েছিলেন বলিউড অভিনেতা শরদ কপূর। তাঁর শারীরিক অবস্থার কথা জানাজানি হতেই সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকে। কিন্তু সেই সাহায্য ঘিরেই এ বার ক্ষোভপ্রকাশ করলেন অভিনেতা।

শরদের অভিযোগ, কয়েক জন ব্যক্তি তাঁকে টাকা দেওয়ার নাম করে ছবি ও ভিডিয়ো তুলেছেন। ভিডিয়োয় তাঁর হাতে টাকা তুলে দিয়েছেন তাঁরা। কিন্তু ভিডিয়োর পরে আবার নাকি তাঁরা টাকা ফেরত নিয়ে নিয়েছেন। এমন ঘটনায় মানসিক ভাবে বিরক্ত শরদ জানিয়েছেন, এ বার থেকে আর কারও সঙ্গে দেখা করবেন না তিনি।

যাঁরা দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন, প্রথমে তাঁদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন শরদ। একটি ভিডিয়োয় তিনি বলেছেন, “যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। চলচ্চিত্র জগতের মানুষ, আমার অনুরাগী এবং যাঁরা সত্যিই আমার ভাল চান, তাঁদের সবাইকে ধন্যবাদ। আপনারা আমাকে যে ভালবাসা দিয়েছেন, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’’ তবে সমাজমাধ্যমে তাঁর পরিস্থিতি নিয়ে নানা বিভ্রান্তিকর ভিডিয়ো ছড়িয়ে পড়ায় অসন্তোষও প্রকাশ করেছেন শরদ। তাঁর কথায়, ‘‘সমাজমাধ্যমে অনেক ভুল জিনিস দেখানো হচ্ছে। আমার হাতে টাকা দেওয়া হচ্ছে, অথচ বুঝতেই পারছি না কে কী করছেন। পুরো বিষয়টি আমার কাছে খুব অদ্ভুত লাগছে।’’

অভিনেতার অভিযোগ, কয়েক জন তাঁর অনুমতি ছাড়াই হাতে টাকা গুঁজে দিয়ে সেই মুহূর্তের ভিডিয়ো করেছেন। তার পর ক্যামেরা বন্ধ হতেই টাকা ফেরত নিয়ে চলে গিয়েছেন। এমন অভিজ্ঞতার পর থেকেই বাইরের লোকজনের সঙ্গে দেখা করতে চাইছেন না তিনি।

শরদের পাশে দাঁড়িয়েছেন তাঁর বন্ধু হেমা চৌধুরীও। তিনিই প্রথম অভিনেতার অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন। তবে এ বার সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, “শরদকে অযথা বিরক্ত করা বন্ধ করুন। তাঁর সঙ্গে দেখা করে ভিডিয়ো করা বা সাহায্যের নামে সমাজমাধ্যমে প্রচারের চেষ্টা কোনও ভাবেই কাম্য নয়।”

হেমার বক্তব্য, তাঁর উদ্দেশ্য ছিল শরদের পাশে যাতে মানুষ এসে দাঁড়ায়। অভিনেতাকে অস্বস্তিকর পরিস্থিতির মুখে ফেলা নয়। পাশাপাশি শরদের নাম ব্যবহার করে ভুয়ো অনুদান সংগ্রহের বিরুদ্ধেও সতর্ক করেছেন হেমা। যাচাই না করে কোনও অ্যাকাউন্টে টাকা না পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

শরদ তাঁর ভিডিয়োয় স্পষ্ট করেছেন, এই মুহূর্তে তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন চিকিৎসা, সুস্থ হয়ে ওঠার সুযোগ এবং মানসিক শান্তি। সাহায্যের নামে তাঁকে বার বার ক্যামেরার সামনে দাঁড় করানো তাঁর কাছে যন্ত্রণার।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com