শ্রীবরদী সীমান্তে মানব পাচার চক্রের সদস্য সেলিম মিয়া আটক

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৫০:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৫০:১৯ অপরাহ্ন

শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আলোচিত মানব পাচারকারী চক্রের অন্যতম সদস্য সেলিম মিয়াকে (৩৪) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সেলিমসহ তিনজনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীন কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান। আটক সেলিম মিয়া শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, সেলিম মিয়া দীর্ঘদিন ধরে শ্রীবরদী ও বকশীগঞ্জ সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানব পাচারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে বিজিবি জানিয়েছে। একই সঙ্গে চক্রের অন্য সহযোগীদের নামও প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় আটক সেলিম মিয়া এবং তার দুই সহযোগী বগুলাকান্দি গ্রামের চুন্নু মিয়ার ছেলে স্বপন ও বৈষ্টমপাড়া গ্রামের সুমনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে বিজিবি।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মিজানুর রহমান মঙ্গলবার সকালে জানান, সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে অবৈধ মানব পাচার কার্যক্রম পরিচালনা করে আসছিল। আটক সেলিম মিয়াকে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।

৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড ও মানব পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com