পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডারসহ ৫০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৪:৪৩:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৪:৪৩:১৬ অপরাহ্ন

 পাবনার সাঁথিয়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার ও অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার রাউতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালিয়ে এসব বিস্ফোরকসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

এসআরবি-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, ডিসেম্বরকে সামনে রেখে দুর্বৃত্তরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিদ্যালয়টিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষ থেকে গান পাউডার এবং অন্তত ৫০টি ককটেল সদৃশ বস্তু পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা বস্তুগুলো ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। রাজশাহী থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর সেগুলো নিষ্ক্রিয় করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার দুপুরেও বিদ্যালয় এলাকা ঘিরে রাখা হয়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই স্থানে ককটেল তৈরি করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল। তবে এসআরবির অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে এসআরবি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com