ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি অ্যামাজনের ক্লাউডে ইসরায়েলি বাহিনীর

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১০:০৫:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১০:০৫:০৫ অপরাহ্ন
ফিলিস্তিনিদের মুখমণ্ডল শনাক্ত ও নজরদারির জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড প্ল্যাটফর্মে ৩৫ লাখ ছবি আপলোড করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে ফাঁস হওয়া নথির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শুরুর দিকে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘রোলিং স্টোন’ নামের একটি বিভাগ এসব ছবি অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ক্লাউডে স্থানান্তর করে। ফিলিস্তিনিদের বিপুলসংখ্যক ছবি বিশ্লেষণে অ্যামাজনের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মুখ শনাক্তকরণ প্রযুক্তি ‘রেকগনিশন’ ব্যবহারের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

গাজায় ২০২৩ সালের অক্টোবরে স্থল অভিযান শুরুর পর বিভিন্ন চেকপয়েন্টে চলাচলের সময় ফিলিস্তিনিদের ছবি সংগ্রহ করত ইসরায়েলি সেনারা। বিশেষ করে বোমা হামলায় বাস্তুচ্যুত মানুষের ছবি সংগ্রহ ও মুখ শনাক্তের কাজে নজরদারি প্রযুক্তি ব্যবহার করা হতো। তবে অ্যামাজনের ক্লাউডে আপলোড করা ৩৫ লাখ ছবির সবগুলো এসব চেকপয়েন্ট থেকে সংগ্রহ করা হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে আরও উঠে এসেছে, ফিলিস্তিনিদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণে ইসরায়েলি সামরিক বাহিনী অ্যামাজনের ক্লাউড অবকাঠামোর ওপর ক্রমবর্ধমানভাবে নির্ভরশীল হয়ে উঠেছে। ২০২৪ সালের শুরুর দিকে ইসরায়েলি সেনাদের একটি দল তেল আবিবে অ্যামাজনের কার্যালয় থেকেও কাজ করেছিল। তাদের লক্ষ্য ছিল গাজায় চলমান মুখ শনাক্তকরণ কার্যক্রমে ক্লাউড প্রযুক্তির ব্যবহার আরও কার্যকর করা।

এর আগে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে গাজায় জনসমাগম ও ড্রোনের ফুটেজ থেকে মুখ শনাক্তে বাণিজ্যিক প্রযুক্তি ব্যবহারের কথা উঠে আসে। এসব প্রযুক্তির ভুল শনাক্তের কারণে কখনো কখনো বেসামরিক নাগরিকদেরও যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

এদিকে, অ্যামাজনের এক মুখপাত্র জানিয়েছেন, তাদের ক্লাউডে গ্রাহকদের সংরক্ষিত তথ্য বা কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানটির কোনো তথ্য নেই। গ্রাহকদের সম্মতি ছাড়া তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়েও মন্তব্য করতে রাজি নয় অ্যামাজন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com