গলাচিপায় ১৩টি বিষধর সাপের বাচ্চা অবমুক্ত

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৯:১৭:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৯:১৭:১১ অপরাহ্ন
পটুয়াখালীর গলাচিপায় ১৩টি সাপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে বন বিভাগের উদ্যোগে এসব সাপ অবমুক্ত করা হয়। অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

জানা গেছে, উপজেলার চর কাজল ইউনিয়নের চরকাজল গ্রামের দুই তরুণ স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ প্রায় দুই মাস আগে দুটি বিষধর সাপ—পদ্মগোখরা ও দারাস উদ্ধার করেন। উদ্ধারের সময় সাপ দুটির পেটে ডিম দেখতে পান তারা। পরে নিজস্ব ব্যবস্থাপনায় সাপ দুটিকে পরিচর্যা করেন এবং ডিমগুলো বিশেষ ব্যবস্থায় তা দেওয়ার উদ্যোগ নেন।

দুই মাস ধরে পরিচর্যা ও তা দেওয়ার পর পদ্মগোখরার ২০টি ডিমের মধ্যে ১০টি এবং দারাস সাপের ৮টি ডিমের মধ্যে ৩টি থেকে বাচ্চা ফুটে বের হয়। এরপর এক সপ্তাহ পরিচর্যায় রেখে সোমবার সাপের বাচ্চাগুলো গলাচিপা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পরে ৩টি দারাস সাপের বাচ্চা উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া এলাকায় অবমুক্ত করা হয়। অন্যদিকে, বিষধর ১০টি পদ্মগোখরার বাচ্চা সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করার জন্য নিয়ে যায় বন বিভাগ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শ্রী নয়ন মিস্ত্রি এবং স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ।

স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান বলেন, “আমি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গা থেকে বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করি। এ ধরনের কাজ আমাকে নিয়মিতই করতে হয়। দারাস সাপ নির্বিষ হওয়ায় এগুলো লোকালয়ে অবমুক্ত করা হয়েছে। আর পদ্মগোখরা বিষধর হওয়ায় ১০টি বাচ্চাকে বন বিভাগের মাধ্যমে ম্যানগ্রোভ বনাঞ্চলে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজস্ব ভূমিকা রয়েছে। সাপ দেখলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com