আদিত্য থেকে কার্তিক, একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা! কেন এমন করলেন অভিনেত্রী?

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:৩৩:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:৩৩:২৮ অপরাহ্ন
একের পর এক প্রাক্তন প্রেমিককে ফোন করলেন অনন্যা পাণ্ডে? একাধিক অভিনেতার সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। একসময় অনন্যা ও আদিত্য রায় কপূরের সম্পর্ক আলোচিত ছিল মুম্বইয়ের বি-টাউনে। যদিও তাঁরা নিজেরা সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি। তার আগে কার্তিক আরিয়ানের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন ছিল। তাঁদেরই ফোন করলেন অনন্যা! কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-তে এসে কেন এমন করলেন অভিনেত্রী?

গত সপ্তাহে ‘কফি উইথ কর্ণ’-তে এসেছিলেন তারকাদম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। চলতি সপ্তাহের পর্বে উপস্থিত থাকবেন অনন্যা পাণ্ডে। সেই সঙ্গে থাকবেন উদ্যোক্তা অনন্যা বিড়লাও। সেই পর্বের একটি প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে সম্প্রতি। কর্ণের অনুষ্ঠানে একটি খেলা থাকে, যেখানে অতিথিদের ফোন করতে হয় তারকাদেরই। তার পরে স্পিকার অন করে কথা বলতে হয়। ঝলকে দেখা যাচ্ছে, অনন্যার হাতের ফোন দেখে কর্ণ বলছেন, “তুমি কি আদিত্য রায় কপূরকে ফোন করছ?” কিন্তু আদিত্যকে ফোন করার বদলে অনন্যা বলেন, “আমি ঈশানকে ফোন করব।” ইঙ্গিত অভিনেতা ঈশান খট্টরের দিকে। ঈশানের সঙ্গেও অনন্যা বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। তবে শেষপর্যন্ত অনন্যা ভিডিয়ো কল করেন কার্তিক আরিয়ানকে। ঝলকে সেটাও দেখা যায়।

এই দেখে চমকে যান অনন্যা বিড়লা। গোটা বিষয়টি লক্ষ করে তিনি বলে ওঠেন, “তুমি তো তোমার সব প্রাক্তনকেই ফোন করলে!”

অনন্যা পাণ্ডে ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে একসময় বলিপাড়ায় জোর গুঞ্জন তৈরি হয়েছিল। ২০১৯ সালে ‘পতি পত্নী অউর ওহ’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়ায়। যদিও সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি দু’জন। অনুষ্ঠানের ঝলকে কার্তিকের সঙ্গে অনন্যার কথোপকথনের পুরোটা দেখানো হয়নি। ফলে ফোনে কী কথা হল, তা দেখা যাবে মূল পর্বেই।

অন্য দিকে, ২০২০ সালে ‘খালি পিলি’ ছবিতে কাজ করার পরে ঈশান খট্টরের সঙ্গে অনন্যার ঘনিষ্ঠতার খবর ছড়িয়েছিল। একাধিক জায়গায় একসঙ্গে দেখা যেত তাঁদের। ২০২২ সালে বিচ্ছেদের খবর সামনে আসে। এর পরে আদিত্য রায় কপূরের সঙ্গে নাম জড়ায় অনন্যার। একসঙ্গে বেশ কয়েক বার প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁদের। ২০২৪ সালে সেই সম্পর্কেও ছেদ পড়ার খবর ছড়ায়।

উল্লেখ্য, নতুন পর্বে আরও একটি চমক রয়েছে। ঝলকে দেখা যায়, অনুষ্ঠানে হঠাৎ হাজির হন শনায়া কপূর। বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে হাজির হন তিনি। দ্রুত প্রশ্নোত্তর পর্বে কর্ণ তাঁকে জিজ্ঞাসা করেন, অনন্যা ও তাঁর কোন বিষয়ে মিল রয়েছে। শনায়া জানান, তাঁরা দু’জনই রণবীর সিংহকে পছন্দ করেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com