কুড়িগ্রামে নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ৭

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:২৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:২৫:৪৬ অপরাহ্ন
কুড়িগ্রামে পুলিশের পৃথক বিশেষ অভিযানে হেরোইন, ইয়াবা ও ফেন্সিডিলসহ বিপুল পরিমাণ মাদক জব্দ এবং নারী মাদক কারবারী ও এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার করা হয়েছে সাতজনকে।

রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে ও সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ফুলবাড়ী ও রাজারহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্রখানা মাদারেরপাঠ গ্রামে শ্রীমতি কাকলী রানীর বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামি কাকলী রানীর হাতে থাকা একটি ছোট পার্স ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো এক গ্রাম হেরোইন, আসামি জয়দেব কুমার মোহন্তের প্যান্টের পকেট থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, আসামি সুভাষ চন্দ্রের প্যান্টের পকেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার টাকা এবং আসামি আহসান হাবীবের প্যান্টের পকেট থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ সময় মাদকদ্রব্য বহন ও বিক্রির কাজে ব্যবহৃত ৩টি পুরাতন বাটন মোবাইল ফোনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।

অপরদিকে, ফুলবাড়ীতে অপর এক গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার ফুলবাড়ী ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিস গ্রামে একটি বসতবাড়ির উত্তরমুখী টিনশেড ঘরের শয়নকক্ষে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে বিছানার নিচে রাখা একটি হলুদ রঙের প্লাস্টিকের বস্তা থেকে ৭৯ বোতল ইস্কাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সুমন মিয়া (২২) ও অমিত হাসান (২০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এদিকে, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলার রাজারহাটে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের নেতা সাবু মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোমবার বিকেলে আশিকুল ইসলাম সাবু মন্ডল নামে উপজেলা তাকে গ্রেপ্তার করা হয় ।

গ্রেপ্তার আশিকুল ইসলাম সাবু মন্ডল রাজারহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বোতলার পাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, রাজারহাট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com