পুঠিয়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৯:০৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৯:০৫:৪৬ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাত্র ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ শতাংশ জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার উত্তেজনা সৃষ্টি হলেও কোনো সমাধান হয়নি। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সম্পর্কে তারা পরস্পরের আত্মীয়।

সংঘর্ষে আহতরা হলেন চয়েন উদ্দিন (৪৫), আয়েন উদ্দিন (৫৫) ও শাকিল আলী (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনায় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। দায়েম আলী অভিযোগ করে বলেন, তিনি ও চয়েন উদ্দিন তাঁর ভাতিজা শাকিলের সঙ্গে কথা বলছিলেন। এ সময় শাকিল দোকান থেকে হাসুয়া বের করে তাঁদের হুমকি দেন। একপর্যায়ে তিনি শাকিলকে থাপ্পড় মারেন। পরে আশরাফ, শ্রাবণ, শাকিল ও আজাদ প্রস্তুতি নিয়ে এসে চয়েন ও আয়েন উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন বলে দাবি করেন তিনি।

অন্যদিকে আহত চয়েন উদ্দিনের ছেলে জয় অভিযোগ করেন, তাঁর বাবা ও চাচাকে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে হাতুড়ি ও হাসুয়া দিয়ে আঘাত করে গুরুতর আহত করেছেন।

তবে পাল্টা অভিযোগ করে শাকিল আলী বলেন, তিনি দোকানে কাজ করছিলেন। এ সময় তাঁর চাচা ও জয়সহ কয়েকজন এসে তাঁকে দোকান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে তাঁরা মেহগনি গাছের ডাল ও ইট দিয়ে তাঁকে মারধর করেন। এতে তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে চয়েন ও আয়েন উদ্দিনকে কারা মারধর করেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “মারামারির ঘটনা শুনেছি। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে গেছেন। এখনো থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ আসেনি। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com