এনভিডিয়ার বিতর্কে যুক্তরাষ্ট্রকে চীনের কড়া হুঁশিয়ারি

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৬:১১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৬:১১:১৮ অপরাহ্ন
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে বিতর্কের জেরে চীনে চিপ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে বেইজিং। দেশটির দাবি, এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নষ্ট করবে। এতে কোনো পক্ষেরই লাভ হবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, রপ্তানি নিয়ন্ত্রণের অপব্যবহারের বিরোধিতা করে আসছে চীন। এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা ব্যাহত করে।

তিনি আরও বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতা বাস্তবায়নে চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করা উচিত। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বজায় রাখতে হবে।

মূলত, চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে কথিত সম্পর্ক এবং এনভিডিয়ার আরেক নির্বাহীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক নিয়ে ওঠা বিতর্কের জেরে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত তথ্য ফাঁসের আশঙ্কাও এ ঘটনার সঙ্গে যুক্ত বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং পদত্যাগ করেন। একই দিন তার স্থলাভিষিক্ত হিসেবে প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর মেগাস্পিডের মাধ্যমে নিষেধাজ্ঞার আওতায় থাকা এনভিডিয়ার প্রযুক্তি চীনে পাচারের আশঙ্কা সম্পর্কে অবগত থাকলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের মধ্যে চীনে চিপ রপ্তানিতে আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের দাবি জোরালো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও চীনে চিপ রপ্তানি সীমিত করার পক্ষে মত দিয়েছেন। তার ভাষ্য, বিষয়টি নিয়ে কংগ্রেসে ক্রমেই ঐকমত্য তৈরি হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো চলতি বছরের বসন্তে একটি স্মারকলিপি প্রচার করেছিল বলে খবর প্রকাশিত হয়েছে। এতে অ্যালিস হুয়াংকে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের একজন সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। তবে তিনি এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের আত্মীয় নন।

এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে বেইজিং। বৃহস্পতিবার (১২ নভেম্বর) চীন বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দেশটির অগ্রগতি ঠেকাতে প্রযুক্তিগত অবরোধ তৈরির অজুহাত হিসেবে এসব অভিযোগ তোলা হচ্ছে।

এমন উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে দক্ষিণ চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের বাণিজ্যিক ও প্রযুক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এএফপি, আল আরাবিয়া

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com