যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ০৪:৪৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ০৪:৪৬:১৭ অপরাহ্ন
যশোরে ইউনিয়ন বিএনপির এক নেতার বাড়িতে দুটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু ও হত্যার হুমকিসংবলিত একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের শিমুল হোসেনের বাড়ি থেকে এসব উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি স্থানীয় ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

শিমুল হোসেন জানান, শুক্রবার সকালে বাড়ির উঠানের এক পাশে লাল টেপে মোড়ানো জর্দার কৌটার মতো দুটি বস্তু দেখতে পান তিনি। কাছে গিয়ে সেগুলো ককটেলসদৃশ মনে হলে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করে। এ সময় সেগুলোর পাশ থেকে একটি চিরকুটও পাওয়া যায়। চিরকুটে হত্যার হুমকিসহ বিভিন্ন গালিগালাজ লেখা ছিল বলে জানান তিনি।

শিমুলের অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে ককটেল নিক্ষেপ করে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। তিনি বলেন, ‘যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে।’

বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল, কোতোয়ালি থানা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং অবিস্ফোরিত অবস্থায় দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেন। এ ঘটনায় তদন্ত চলছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরাও। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com