বরাহনগরে তরুণীর রহস্যমৃত্যু, উধাও ফোন থেকেই পরিবারের কাছে মেসেজ-কল !

আপলোড সময় : ১৩-১১-২০২৬ ১২:০১:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-১১-২০২৬ ১২:০১:১৭ পূর্বাহ্ন
জামাইবাবুর ফ্ল্যাট থেকে উদ্ধার ২৬ বছর বয়সি অঞ্জলি সাউয়ের মৃতদেহ। অথচ মৃত্যুর পরও সক্রিয় তাঁর মোবাইল ফোন। সেই ফোন থেকেই কখনও দাদাকে মেসেজ, কখনও মাকে হোয়াটসঅ্যাপ কল। বরাহনগরের এই ঘটনায় খুনের সন্দেহ ঘনীভূত হচ্ছে। তদন্তে অঞ্জলির প্রেমিকের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে বরাহনগরের লেক পল্লী এলাকায় দিদি ও জামাইবাবুর পাঁচতলার তালাবন্ধ ফ্ল্যাট থেকে অঞ্জলির দেহ উদ্ধার করে পুলিশ। ডানলপের বাসিন্দা ওই তরুণীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। পরিবারের অভিযোগ, ফ্ল্যাট থেকে তাঁর মোবাইল, পার্স ও সোনার গয়নাও উধাও।

মৃতার দাদা শিবম সাউয়ের দাবি, বুধবার অঞ্জলির নম্বর থেকে তাঁকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়। তাতে লেখা ছিল, ‘যা জানার এখনই জেনে নাও, একটু পরে ফোন সুইচ অফ করে দেবো।’ ওই রাতেই একই নম্বর থেকে অঞ্জলির মাকেও ফোন করা হয়। মেয়ে খুনের বিষয়ে প্রশ্ন করতেই অপর প্রান্ত থেকে কোনও উত্তর না দিয়ে ফোন কেটে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া মোবাইলের টাওয়ার লোকেশন ধরে অভিযুক্তের খোঁজ চলছে। বারবার ফোনের অবস্থান বদলে যাওয়ায় তদন্তে সমস্যা হচ্ছে। পুলিশের অনুমান, নজর এড়াতেই ফোনটি ঘন ঘন সুইচ অন ও অফ করা হচ্ছে।

এদিকে, সঠিক তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে বরাহনগর থানায় অভিযোগ জানিয়েছে পরিবার। তাঁদের সঙ্গে থানায় গিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান বরানগরের বিধায়ক সজল ঘোষ।

অঞ্জলিকে খুন করা হয়েছে কি না, উধাও মোবাইল কে ব্যবহার করছে এবং ঘটনার সঙ্গে তাঁর প্রেমিকের কোনও যোগ রয়েছে কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com