নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার প্রতিবাদে বরিশালে এনসিপির বিক্ষোভ

আপলোড সময় : ১২-১১-২০২৬ ১১:২০:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ১১:২০:২২ অপরাহ্ন
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সভা ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল মহানগর ও জেলা শাখা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বরিশাল নগরীতে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপি বরিশাল মহানগরের সদস্যসচিব ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী এম আনোয়ার হোসেন শিকদার। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিবাদ সভায় এম আনোয়ার হোসেন শিকদার বলেন, পেট্রোল বোমা হামলা ও গুপ্ত হামলার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। তবে সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে তাঁদের দমিয়ে রাখা যাবে না। অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও কেউ পুরোনো ফ্যাসিবাদী কায়দায় হামলা ও সহিংসতার রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না। রাজনৈতিক সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি জুলাই যোদ্ধা ও রাজনৈতিক নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা ও সহিংসতা পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে স্লোগান দেন তাঁরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com