পুঠিয়ায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বিভাগীয় প্রশাসনের তদারকি

আপলোড সময় : ১২-১১-২০২৬ ১০:১০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ১০:১০:১২ অপরাহ্ন
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি ও রোপিত গাছের পরিচর্যা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছে বিভাগীয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার। এ সময় তিনি বিভিন্ন স্থানে রোপণ করা গাছের বর্তমান অবস্থা, বেড়ে ওঠা এবং নিয়মিত পরিচর্যার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌরসভার প্রশাসক প্রসেনজিৎ সাহা।

পরিদর্শন শেষে সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার বলেন, পরিদর্শনে সড়কের দুই পাশসহ বিভিন্ন স্থানে রোপণ করা গাছের অবস্থা সন্তোষজনক দেখা গেছে। গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। যথাযথ পরিচর্যা নিশ্চিত করা গেলে এসব গাছ ভবিষ্যতে স্থানীয় পরিবেশের উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক এ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম মাঠপর্যায়ে তদারকি জোরদারের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিভাগের বিভিন্ন উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। একই দিন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিথিলা দাস নাটোর সদর উপজেলার বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শন করেন।

পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান বলেন, আগামী পাঁচ বছরে পুঠিয়া উপজেলায় ১ লাখ ২০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করা হচ্ছে। এর অংশ হিসেবে চলতি ২০২৬ অর্থবছরে ২০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। শুধু গাছ রোপণ নয়, রোপিত গাছগুলো যাতে টিকে থাকে এবং সঠিকভাবে বেড়ে ওঠে, সে জন্য নিয়মিত পরিচর্যা ও তদারকি করা হচ্ছে।

তিনি আরও বলেন, এসব গাছ বড় হয়ে উঠলে সড়কের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব পুঠিয়া গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com