সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৪:৩৬:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৪:৩৬:২১ অপরাহ্ন
সংসদে সংরক্ষিত নারী আসনপ্রথা বাতিল করে রাজনৈতিক দলগুলোকে সরাসরি এক-তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার জোরালো পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

কমিটি গঠনের পর দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এটিই ছিল সর্বদলীয় সংসদীয় ককাসের প্রথম আনুষ্ঠানিক মতবিনিময়।

বক্তব্যে দেশের বর্তমান অবস্থার জন্য সরাসরি রাজনীতিবিদদেরই দায়ী করেন স্পিকার। পাশাপাশি বিগত তিনটি নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ আখ্যা দিয়ে এবারের জাতীয় নির্বাচনকে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা রাজনীতি করেন না, তাদের পক্ষে দেশ কীভাবে এবং কেন চলে তা বোঝা বেশ মুশকিল। দেশের আজকের যে অবস্থা, তার জন্য সবচেয়ে বেশি দায়ী রাজনীতিবিদরাই। রাজনীতিবিদরা নিজেদের শুধরে নিলে এবং ঠিক হয়ে গেলেই পুরো দেশ বদলে যাবে বলে মত দেন তিনি।

আত্মসমালোচনা করে স্পিকার বলেন, আমরা রাজনীতিবিদরা দলের রাজনীতি করে কীভাবে নিজেরা সুবিধা নেব, তা নিয়েই ব্যস্ত থাকি। ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর কথা আমাদের আর মাথায় থাকে না।

বিগত তিনটি জাতীয় নির্বাচনের কঠোর সমালোচনা করে তিনি বলেন, সেগুলো ছিল ‘প্রহসনের নির্বাচন’। দেশে এখন আর সেই প্রহসনের সংস্কৃতি নেই বরং এবারের জাতীয় নির্বাচন হয়েছে সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য।

নারী নেতৃত্ব ও সংসদে তাদের প্রতিনিধিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব রেখে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন, বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।

এ সময় সংরক্ষিত আসনের পরিবর্তে প্রতিটি রাজনৈতিক দলকে সরাসরি নির্বাচনের মাধ্যমে মোট আসনের এক-তৃতীয়াংশ আসনে নারীদের মনোনয়ন দেওয়ার পরামর্শ দেন তিনি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com