রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৮:১৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৮:১৩:৪৩ অপরাহ্ন
গুম, নির্যাতন ও রাজনৈতিক হয়রানিমূলক মামলার শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করা, মিথ্যা মামলা প্রত্যাহার, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং পুলিশ-প্রশাসনের কাঠামোগত সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও নির্যাতন থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা। একই সঙ্গে ভুক্তভোগীদের আইনি সহায়তা, মানসিক পুনর্বাসন এবং দেশব্যাপী মানবাধিকারকর্মীদের কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

বুধবার (১১ নভেম্বর) রাজশাহী নগরীর একটি কনফারেন্স রুমে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস অ্যান্ড সারভাইভারস অ্যান্টি-টর্চার নেটওয়ার্ক মিটিং’ শীর্ষক সভায় এসব দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন অধিকারের রাজশাহী সমন্বয়ক ও সাংবাদিক মঈন উদ্দিন। সঞ্চালনা করেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী হাবিবুল্লাহ মোহাম্মদ কাউসারী।

সভায় সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাশেদ রাজন ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে ডিবি পুলিশের হাতে আটক ও নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন। গুমের শিকার অধিকারকর্মী আল আমিন ২০১৭ সালে পাঁচ মাস গুম থাকা, নির্যাতন এবং মিথ্যা মামলায় প্রায় তিন বছর কারাভোগের অভিজ্ঞতা বর্ণনা করেন। নির্যাতিত পরিবারের সদস্য আব্দুর রাকিব তাঁদের পরিবারের দীর্ঘদিনের পুলিশি হয়রানি ও নির্যাতনের ঘটনা তুলে ধরেন। ব্যবসায়ী মোহাম্মদ রেজাউল করিম রাজনৈতিক মামলায় হয়রানি, চাঁদা দাবি এবং ব্যবসা ধ্বংসের অভিযোগ তুলে ধরেন।

বক্তারা বলেন, শুধু সরকার পরিবর্তন করলেই গুম, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে না। এ জন্য পুলিশ ও প্রশাসনের কাঠামোগত সংস্কার, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় নির্বিশেষে গুম ও নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম গঠন, মিথ্যা মামলা প্রত্যাহারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং ভুক্তভোগীদের বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার সুপারিশ করেন তাঁরা।

তরুণ মানবাধিকারকর্মীরা দেশব্যাপী ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলা, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ঘটনা তুলে ধরা, নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিচয় ও গোপনীয়তা রক্ষা এবং ভুক্তভোগীদের মানসিক চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মানবাধিকার কার্যক্রমে সম্পৃক্ত করার প্রস্তাব দেন তাঁরা।

সভাপতির বক্তব্যে মঈন উদ্দিন বলেন, সভায় উত্থাপিত সুপারিশগুলো সংকলন করে অধিকারের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। রাজশাহী অঞ্চলে প্রতি তিন মাস অন্তর সমন্বয় সভা এবং প্রতিবছর শিক্ষাবিদ ও আইনজীবীদের নিয়ে সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের আইনি সহায়তা, মানসিক পুনর্বাসন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় অধিকারের কার্যক্রম অব্যাহত থাকবে।

সভায় আরও উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী এম শামীম আক্তার, আনোয়ার হোসেন ফিরোজ, মাহমুদ হাসান, আবিদ, আসাদুজ্জামান আসাদ, জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, সাংবাদিক ও মানবাধিকারকর্মী হুজাইফা, নির্যাতিত পরিবারের সদস্য ও মানবাধিকারকর্মী রাকিব হাসান, নির্যাতনের শিকার জাহিদ হাসান, মনিরুল ইসলাম, মনি, শফিক ও বাসির, মানবাধিকারকর্মী তামিম তুলি, আমরিন ও নাতাশাসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের মানবাধিকারকর্মীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com