সন্তানধারণের পথে এসেছিল বাধা! ৪০ পেরোনোর পরে মা হওয়ার কঠিন অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবিনা

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:৪৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:৪৮:৩৮ অপরাহ্ন
প্রত্যেক মহিলার জীবনে মাতৃত্বের পথ ভিন্ন। বহু মহিলাই নানা রকমের বাধার সম্মুখীন হন। অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জীবনেও এমন কঠিন সময় এসেছিল। দুই কন্যাসন্তানের মা হওয়ার আগে বন্ধ্যাত্বের সমস্যায় ভুগেছিলেন তিনি। সেই সময়ে পরিচালক ফরাহ খানের জীবনই তাঁকে নতুন করে আশা জুগিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪০ পেরোনোর পরে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন দেবিনা। তাঁর মতে, এই বিষয়ে খোলাখুলি আলোচনা হওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে ফরাহ যে ভাবে নিজের সন্তানধারণের লড়াইয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন, তা দেবিনাকে কঠিন সময়ে সাহস জুগিয়েছিল।

ফরাহ ৪৩ বছর বয়সে কৃত্রিম প্রজনন পদ্ধতির সাহায্যে তিন সন্তানের মা হয়েছিলেন। দেবিনার কথায়, “আমি যখন সন্তানধারণের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন বুঝতে পারতাম না, আদৌ কোনও দিন মা হতে পারব কি না। সেই সময়ে আমাদের সামনে উদাহরণ হিসাবে ছিলেন ফরাহ ম্যাম। তিনি নিজের লড়াইয়ের কথা এত খোলাখুলি জানিয়েছিলেন যে, তা আমাকে ভরসা জুগিয়েছিল।”

দেবিনা আরও বলেন, “সামনে যখন এমন কোনও দৃষ্টান্ত থাকে, তখন মনে হয়, ওঁর জীবনে যদি এমনটা সম্ভব হয়ে থাকে, তা হলে আমার জীবনেও হতে পারে। আমারও তো সুযোগ রয়েছে। তা না হলে একটা সময় মনে হত, মা হওয়ার সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে।”

কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে অনেক মহিলা মাতৃত্বের পরিকল্পনা পিছিয়ে দেন। এই প্রসঙ্গে দেবিনার বক্তব্য, “যাঁরা নিজেদের কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকেন, তাঁরা অনেক সময় সন্তানধারণের পরিকল্পনা পিছিয়ে দিতে থাকেন। কখনও কখনও এমন একটা সময় আসে, যখন মনে হয় আর বুঝি সময় নেই। কিন্তু যখন দেখবেন, ৪০ পেরিয়েও অনেক মহিলা মা হয়েছেন, তখন নিজের মনেও আশা জাগে।”

মাতৃত্বের পরবর্তী সময় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। তাঁর মতে, সন্তান জন্ম দেওয়ার পরে শরীর ও মনে নানা পরিবর্তন আসে। মহিলারা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করেন, তখন অনেকের ক্ষেত্রে হরমোনজনিত পরিবর্তন শুরু হয়। অনেকের ক্ষেত্রে আবার ঋতুবন্ধের আগের পর্যায়ের লক্ষণ দেখা যায়। ফলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

দেবিনার কথায়, “এক জন মহিলাকে জীবনের বিভিন্ন পর্যায়ে কত কিছু সহ্য করতে হয়! আমাদের সমাজের বোঝা উচিত, এক জন নারীর শরীর প্রতিনিয়ত বদলাচ্ছে। তাঁর পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত।”

নিজের শরীর সম্পর্কে সচেতন হওয়ার উপরেও জোর দিয়েছেন অভিনেত্রী। দেবিনা বলেন, “মহিলাদের নিজেদের শরীর সম্পর্কে আরও ভাল ভাবে জানা প্রয়োজন। শুধু স্বাস্থ্যকর খাবার খাচ্ছি বলেই যে শরীরের সব কিছু ঠিক রয়েছে, এমনটা ধরে নেওয়া উচিত নয়। নিজেকে বুঝতে হবে, সমস্যার মূলে পৌঁছে তার সমাধান করতে হবে।”

মাতৃত্ব এবং সন্তানধারণে সমস্যা নিয়ে যে আলোচনা ধীরে ধীরে বাড়ছে, তাতে খুশি দেবিনা। তাঁর মতে, এই ধরনের আলোচনা আরও বেশি হওয়া প্রয়োজন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com