সৌদি আরবে কেনীয় মাকে ১০০ বেত্রাঘাতের শাস্তি

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৬:১০:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৬:১০:৩১ অপরাহ্ন
বিবাহবহির্ভূত সন্তান জন্ম দেওয়ার অভিযোগে সৌদি আরবে এস্থার ওয়ানজা মুথোনি নামে এক কেনীয় নারীকে ১০০ বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে। সম্প্রতি ঘোষিত আদালতের এ রায়কে সহিংস ও অমানবিক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

সৌদি আরবের শরিয়াহ আইন অনুযায়ী, বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক ফৌজদারি অপরাধ। তবে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এ ধরনের ঘটনায় পুরুষের তুলনায় নারীরা বেশি বৈষম্য ও শাস্তির শিকার হন।

মুথোনি সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। এক মিসরীয় পুরুষের সঙ্গে সম্পর্কের জেরে তিনি গর্ভবতী হন। তবে সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান বলে জানিয়েছেন তিনি।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সৌদি আরবে অনেক অবিবাহিত নারী সন্তান জন্ম দিলেও অধিকাংশ ঘটনা প্রকাশ্যে আসে না। কারণ, অনেকেই বাড়িতে সন্তান জন্ম দেন। তবে হাসপাতালে সন্তান জন্ম দিলে কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর নিয়ম থাকায় এসব ঘটনা সামনে আসে।

উপসাগরীয় অঞ্চলে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ডু বোল্ড-এর প্রতিষ্ঠাতা একাতেরিনা পোরাস সিভোলোবোভা বলেন, অধিকাংশ নারী বাড়িতেই সন্তান জন্ম দেন। ফলে তাঁদের বিষয়ে কর্তৃপক্ষ জানতে পারে না।

গত মাসে আদালতের রায় ঘোষণার পর নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি বলেন, বেত্রাঘাতের শাস্তি সহ্য করতে পারবেন না, এমন ভয়ে রয়েছেন তিনি। তাঁর ভাষায়, আমি এর যোগ্য নই।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা আল-কিউএসটি (ALQST)-এর ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারী এ রায়কে সহিংস কাজ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, শাস্তি না দিয়ে মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো উচিত ছিল। তিনি বলেন, সৌদি আরবে নারীর ক্ষমতায়নের যে চিত্র তুলে ধরা হচ্ছে, এ ঘটনা তার সঙ্গে সাংঘর্ষিক।

২০২০ সালের এপ্রিলে সৌদি আরব বিচারিক শাস্তি হিসেবে বেত্রাঘাত বন্ধের সংস্কার ঘোষণা করেছিল। তবে ওই সংস্কার মূলত বিচারকদের বিবেচনাধীন তা’জির অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। মানবাধিকার সংস্থা আল-কিউএসটির ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়, ব্যভিচারের মতো নির্দিষ্ট হুদুদ অপরাধে বেত্রাঘাতের বিধান বহাল ছিল।

এদিকে, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার রিম আলসালেমের সৌদি আরব সফর গত সপ্তাহে স্থগিত হয়েছে। সফরে তিনি নির্দিষ্ট কয়েকটি মামলার পরিস্থিতি তুলে ধরতে চেয়েছিলেন বলে জানিয়েছেন।

সিভোলোবোভা বলেন, সৌদি আরবে থাকা কেনীয় মায়েদের সহায়তায় কেনিয়ার কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া কঠিন হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com