টানা ৩০ ঘণ্টা শূন্য রেখায় আটকে আছেন বিএসএফএর ঠেলে দেওয়া সেই নারী

আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৫:৩৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৫:৩৫:২৬ অপরাহ্ন
জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টার পর, টানা ৩০ ঘণ্টা ধরে আন্তর্জাতিক শূন্য রেখায় অবস্থান করছেন ওই নারী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সারাদিন এবং বুধবার (১১ নভেম্বর) প্রখর রোদের মধ্যেই ওই নারীকে শূন্য রেখায় থাকতে দেখা গেছে।

শূন্য রেখা থেকে তিনি বাংলাদেশ ও ভারতে বার বার প্রবেশের চেষ্টা করলেও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কঠোরতার কারণে তা পারেননি। তবে স্থানীয়রা বিজিবি-বিএসএফকে পতাকা বৈঠক করে বিষয়টি সমাধান করার দাবি জানিয়েছেন।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার সকাল ৮টার দিকে ৩০ বছর বয়সি ওই নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শূন্য রেখায়) অবস্থান নেন। মঙ্গলবার দিনব্যাপী শূন্য রেখাতেই অবস্থান করেন ওই নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অবস্থান নেওয়ায় কোনো দেশেই ঢুকতে পারেননি ওই নারী। বুধবার সকাল থেকে তীব্র রোদ উপেক্ষা করেই শূন্য রেখায় থাকতে দেখা গেছে তাকে। টানা ৩০ ঘণ্টা সীমান্তে থেকে রোদে পুড়ছেন তিনি। এরিপোর্ট লেখা পর্যন্ত সীমান্তের শূন্য রেখাতেই আটকে আছেন ওই নারী।

জামালপুর ৩৫ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মুশফিক জানান, মঙ্গলবার সকাল থেকে ওই নারী সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সব সময় সতর্কাবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com