রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:৪১:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:৪১:০৯ অপরাহ্ন
রাজশাহী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) কলেজের হিসাববিজ্ঞান ও ফাইন্যান্স বিভাগের উদ্যোগে র‌্যালি, ইংলিশ স্পিকিং, কুইজ প্রতিযোগিতা ও পেপার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।

এদিন সকাল ১১টায় র‌্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে অনুষ্ঠানের আহ্বায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এন্তাজ আলীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আহসানউজ্জামান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড দ্য ফিউচার অব দ্য অ্যাকাউন্টিং প্রফেশন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে হিসাববিজ্ঞান পেশায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, ব্যবহার ও ভবিষ্যৎ প্রভাব তুলে ধরা হয়।

হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। তিনি বলেন, সব ক্ষেত্রেই হিসাববিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। তাই এ বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা না থাকলে কোনো বিষয়েই কর্মক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা সম্ভব নয়।

সভাপতির বক্তব্যে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আবুল হাসনাত বলেন, রাজশাহীতে রাজশাহী কলেজেই প্রথম আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন শুরু হয়। ২০১৬ সাল থেকে বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে ফাইন্যান্স বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিফাত তামান্না বলেন, এ আয়োজনের মাধ্যমে তাঁরা হিসাববিজ্ঞানের ইতিহাস ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে জানতে পেরেছেন। সব মিলিয়ে অনুষ্ঠানটি তাঁদের ভালো লেগেছে।

হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, এ আয়োজন থেকে ভবিষ্যৎ কর্মজীবনে কোন পথে এগোতে হবে এবং কীভাবে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে, সে বিষয়ে ধারণা পেয়েছেন তাঁরা। পাশাপাশি হিসাববিজ্ঞান সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়েছে। সুন্দর আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুছ আলী, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ সায়েম বিন সোলাইমান, এফসিএমএ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, ফাইন্যান্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু মোঃ ফসিউর, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মমতাজ উদ্দিন মোল্লা, সহকারী অধ্যাপক সিফাতুন নাহার সাইকী, অনুতোষ কুমার প্রামাণিকসহ সংশ্লিষ্ট দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com