শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:০৭:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:০৭:২৬ অপরাহ্ন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। একই সঙ্গে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর প্রকাশিত হয়েছে। একজন বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরতে চাইলে এ ক্ষেত্রে ভারতের কোনো ভূমিকা রয়েছে কি না এবং বিষয়টি নিয়ে ঢাকার সঙ্গে আলোচনা করবে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে প্রশ্নটি বাংলাদেশ হাইকমিশনের কাছে করা উচিত। বিষয়টির প্রকৃত পরিস্থিতি সম্পর্কে তারাই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

এদিকে বাংলাদেশ থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে সর্বশেষ আলোচনা সম্পর্কে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণসংক্রান্ত চিঠিটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার বিষয়। সে অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

শেখ হাসিনা বাংলাদেশ সরকারকে চিঠি লিখে ভারতে নির্বাসনে থাকার কথা জানিয়েছেন এবং বাংলাদেশ সরকার তার প্রত্যর্পণ দাবি করছে—এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলেও একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল।

এ ছাড়া ভ্রমণ নথি ছাড়া কাউকে প্রত্যর্পণ করা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের যাতায়াতের জন্য স্বাভাবিকভাবেই ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত বিষয়টি একটি কারিগরি ও আইনি প্রশ্ন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ভারতের এই বক্তব্যে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে দেশটির অবস্থান আইনি প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ব্রিফিংয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com