ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৮:০৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৮:০৪:৪৭ অপরাহ্ন

ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।

সোমবার (৯ নভেম্বর) লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত এ রায় ঘোষণা করেন।

আদালতের রায় অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীকে যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ৫১ বছর বয়সী ব্র্যান্ড। তবে শুরু থেকেই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন তিনি।

রায় ঘোষণার সময় বিচারক জোয়েল বেনাথান বলেন, ব্র্যান্ড মনে করতেন, তার খ্যাতি তাকে যা ইচ্ছা করার অধিকার দিয়েছে। তিনি নারীদের সম্মতি ছাড়াই যৌন অপরাধ করেছেন। সাজা অনুযায়ী, কারাদণ্ডের দুই-তৃতীয়াংশ সময় কাটানোর পর শর্তসাপেক্ষে মুক্তির সুযোগ পেতে পারেন তিনি।

চার সপ্তাহের বিচার শেষে একটি ধর্ষণ ও তিনটি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হন ব্র্যান্ড। তবে তার বিরুদ্ধে আনা আরও দুটি ধর্ষণ এবং একটি অশালীন আচরণের চেষ্টার অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়।

আদালতে ভুক্তভোগীরা জানান, ব্র্যান্ডের অপরাধ তাদের জীবনে দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত তৈরি করেছে। তার খ্যাতি, সম্পদ ও প্রভাবের কারণে সে সময় তারা অভিযোগ জানাতে সাহস পাননি। একজন ভুক্তভোগী জানান, দুই দশকের বেশি সময় ধরে ওই ঘটনার জন্য নিজের মধ্যে লজ্জা ও অনুশোচনা বয়ে বেড়াচ্ছেন তিনি।

লন্ডন পুলিশের কর্মকর্তা অ্যান্ডি ফারফি ভুক্তভোগীদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেছেন। তিনি বলেন, তাদের অভিযোগ সামনে আসায় যৌন সহিংসতার শিকার অন্যরাও ন্যায়বিচারের আশায় এগিয়ে আসতে উৎসাহিত হবেন।

এদিকে, ব্র্যান্ডের বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ তদন্ত করছে পুলিশ। এর মধ্যে একটি ঘটনায় ভুক্তভোগীর বয়স ছিল ১৬ বছর। তদন্তকারীদের ধারণা, সামনে তার বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসতে পারে।

একসময় ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও হলিউড অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন রাসেল ব্র্যান্ড। গায়িকা ক্যাটি পেরির সাবেক স্বামী ব্র্যান্ড ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘গেট হিম টু দ্য গ্রিক’ ও ‘আর্থার’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com