রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৭:৩৯:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৭:৩৯:০৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত শহিদুল ইসলামের বদলিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে পূর্বের কর্মস্থল জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্নীতি, অনিয়ম, সাধারণ মানুষকে হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ রয়েছে। এমনকি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি মামলার আসামি তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ১০৭৫ স্মারকে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে শহিদুল ইসলামকে রাণীশংকৈল উপজেলায় বদলি করা হয়। তাঁর নতুন কর্মস্থলে যোগদানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, যাঁর বিরুদ্ধে অতীতে একাধিক অনিয়ম ও হয়রানির অভিযোগ রয়েছে, তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যালয়ে দায়িত্ব পালন করলে সাধারণ সেবাগ্রহীতারা ভোগান্তিতে পড়তে পারেন।

দুদক ও আদালতসংশ্লিষ্ট নথির বরাতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা রয়েছে।

এর মধ্যে শহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা নম্বর ০৩/২০২৩। ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ে মামলাটি দায়ের করা হয়। অন্যদিকে, তাঁর স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে ২০২৪ সালের ১ অক্টোবর মামলা নম্বর ০৬/২০২৪ দায়ের করা হয়।

মামলার তদন্ত চলাকালে শহিদুল ইসলাম ২০২৪ সালের ৩ জানুয়ারি হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। পরে ১৬ জানুয়ারি হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একইভাবে তাঁর স্ত্রীও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। ফলে পৃথক দুটি মামলার তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতা বলেন, সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়ে রাণীশংকৈলের মানুষকে একসময় মিছিল, মিটিং, অভিযোগ ও মামলা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। আবারও একই ধরনের অভিযোগে অভিযুক্ত কোনো কর্মকর্তা এ উপজেলায় দায়িত্ব পালন করলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হতে পারে। একাধিক গুরুতর অভিযোগ ও দুদকের মামলা রয়েছে—এমন ব্যক্তিকে নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি প্রশাসনের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, “শহিদুলের বিষয়টি আমি শুনেছি। এ ধরনের কর্মচারী অফিসে থাকলে কাজ করা কঠিন হয়ে পড়বে। তবে বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি।”

অন্যদিকে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক মুঠোফোনে বলেন, “শহিদুলের বিষয়ে লিখিত অভিযোগ দিতে পারেন।”

স্থানীয়দের দাবি, সরকারি দপ্তরে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। তাই কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম কিংবা হয়রানির অভিযোগ থাকলে তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে অভিযোগের বিষয়গুলো যথাযথভাবে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মচারীর পদায়ন নিয়েও প্রশাসনের সতর্ক থাকা প্রয়োজন।

প্রতিবেদকের মন্তব্য: উল্লিখিত মামলাগুলো বিচারাধীন বা তদন্তসংক্রান্ত স্থগিত অবস্থায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাই অভিযোগগুলোকে প্রমাণিত অপরাধ হিসেবে বিবেচনা করা যাবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com