ডেলিভারি ভ্যানচালককে কুপিয়ে ছিনতাই, দাঁড়িয়ে দেখলেন পথচারীরা

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:৫৮:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৪:৫৮:২০ অপরাহ্ন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক ডেলিভারি ভ্যানচালককে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় সড়কে অনেক পথচারী চলাচল করলেও কেউ তাকে রক্ষায় এগিয়ে আসেননি। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর তারাগাছ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালকের নাম আল মামুন। তাকে স্থানীয় তাইরুননেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যানজটের মধ্যে একটি ডেলিভারি ভ্যানের চালকের কাছে গিয়ে তিন যুবক টাকা ও মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চালক বাধা দিলে তাঁকে টেনেহিঁচড়ে সড়কে ফেলে দেওয়া হয়। পরে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তার পকেট থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ভিডিওতে আরও দেখা যায়, হামলার সময় আশপাশ দিয়ে একাধিক পথচারী চলাচল করছিলেন। কাছেই একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকেও দেখা যায়। তবে দুর্বৃত্তদের ছিনতাই ও হামলার সময় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। ছিনতাই শেষে দুর্বৃত্তরা একটি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আল মামুনকে উদ্ধার করে তারাগাছ এলাকার তাইরুননেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বাংলাদেশ ইয়ুথ রেভোল্যুশনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল বলেন, তাদের সংগঠনের কর্মীরাই পরে আল মামুনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তারা তার খোঁজখবর রাখছেন। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

ঘটনাটি সড়কে প্রকাশ্যে ছিনতাই এবং বিপদের মুহূর্তে পথচারীদের নীরব ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com