‘হাসিনা নিজেই আসতে চান, তাহলে প্রত্যর্পণে ভারতের সমস্যা থাকার কথা নয়’

আপলোড সময় : ১০-১১-২০২৬ ০৪:৪৬:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-১১-২০২৬ ০৪:৪৬:০০ অপরাহ্ন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিজেই দেশে ফিরতে চান, সেক্ষেত্রে তাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কোনো সমস্যা থাকা কথা নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে, এটি সংবিধানেই বলা আছে। একজন দণ্ডিত আসামিকে প্রত্যর্পণ করবো, ভারত সরকারকে এটি করতে দিতে হবে। এই মুহুর্তে ভারত সরকারের কোনো সমস্যা থাকার কথা নয়, কারণ যাকে প্রত্যর্পণ করার কথা তিনিই আসতে চান। সুতরাং এখন আর কোনো আইনগত ইস্যু আছে বলে মনে করি না।

তিনি বলেন, ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি আছে। ফরমাল চ্যানেলে একাধিকবার তাকে ফেরত চাওয়া হয়েছে। শেখ হাসিনার বিচার কীভাবে হবে, সেটি সরকারের কাছে ম্যাটার করে। তিনি মারাত্মক অপরাধে দণ্ডিত আসামি, তার জেলে যাওয়ার কথা। তাকে যে প্রসেসে পাওয়ার কথা, সে প্রসেসেই পেতে চাই।

এলপিজির দাম বৃদ্ধি নিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, যে দাম ঠিক করা হয়েছে, সেই দামে বিক্রি হওয়া উচিৎ। বাজার মনিটরিং আছে। তবুও নির্ধারিত দামে পাওয়া না গেলে সেই বিষয়ে সরকারকে আরেকটু সতর্ক হতে হবে।

তিনি আরও বলেন, যারা ককটেল ফাটাতে গেছে তাদের অনেকেই হাতেনাতে ধরা পড়েছে। তাদের বিচারের আওতায় আনা গেলে এই প্রবণতা কমে আসবে। জনগণের একদম ভয় পাওয়া উচিৎ হবে না, কোনো কিছু হয়নি; এটা সরকারের দিক থেকে বলা ঠিক হবে না। যখন সরকার নিরাপত্তার দায়িত্বে থাকে, তখন একটি মৃত্যু হলেও সেখানে সরকারের কিছুটা হলেও ব্যর্থতা আছে বলে যে কেউ মনে করতে পারে। সেটা স্বীকার করে নিয়েই সরকার বলতে চায়, খুব দ্রুত এসব নিয়ন্ত্রণে চলে আসবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com