মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:৪৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:৪৩:৫৯ অপরাহ্ন
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। নিহতদের মধ্যে একজন ট্রেনচালকও রয়েছেন। দেশটির মুখ্য প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কায়রো থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণে গিজা অঞ্চলের আল-আয়াত জেলায় দুর্ঘটনাটি ঘটে। ফাইয়ুমগামী একটি ট্রেন একই লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো-আসওয়ানগামী ট্রেনের পেছনের বগিতে সজোরে ধাক্কা দেয়। এতে হতাহতের ঘটনা ঘটে।

মুখ্য প্রসিকিউটরের তদন্তকারী দল রবিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রেন দুটি একই লাইনে একই দিকে চলাচল করছিল। একপর্যায়ে পেছন থেকে আসা ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রেনের শেষ বগিতে ধাক্কা দেয়।

স্থানীয় বাসিন্দারা সংঘর্ষের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত একটি বগিতে আটকে থাকা কয়েকজনকে পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসি এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগি সরাতে উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে। দ্রুত ওই রুটে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মিশরে রেল দুর্ঘটনা নতুন নয়। দুর্বল রক্ষণাবেক্ষণ ও অব্যবস্থাপনার কারণে দেশটিতে অতীতেও একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। ২০০২ সালে একটি ট্রেনে অগ্নিকাণ্ডে ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। তবে সাম্প্রতিক সময়ে রেল পরিষেবার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com