সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয়

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:০৯:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:০৯:৫১ অপরাহ্ন
রাজশাহীতে সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেছেন, দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে আপস করা যাবে না।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

মুহা. আব্দুল আউয়াল বলেন, সাংবাদিকতার মূল শক্তি বিশ্বাসযোগ্যতা। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, সম্পাদনা ও ভাষার শুদ্ধতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। তিনি রোমোকে সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকতা মানুষের অধিকার, সামাজিক সমস্যা ও রাষ্ট্রের জবাবদিহির সঙ্গে যুক্ত। তাই সাংবাদিকদের সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নতুন সংগঠন হিসেবে রোমোকে সদস্যদের ঐক্য ও পেশাগত মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে এবং সদস্য সচিব তুহিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাসসের রাজশাহী জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় প্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের রাজশাহী মহানগর প্রতিনিধি আশিকুর রহমান, রোমোর যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন ও নতুন সদস্য রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে রোমোর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com