রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৭:৩৯:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৭:৩৯:২২ অপরাহ্ন
রাজশাহীতে আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন-২০২৬। সম্মেলন আয়োজনের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী নগরের বাটার মোড়ের পান্ডুলিপি বুক ক্যাফেতে বরেন্দ্র ইয়ুথ ফোরামের এক সভায় এ কমিটি গঠন করা হয়। সোমবার (৯ নভেম্বর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ আতিকুর রহমান এবং সদস্যসচিব হয়েছেন সাধারণ সম্পাদক পলি রানী। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী ও মো. আলমগীর হোসেনকে। যুগ্ম সদস্যসচিব হয়েছেন ইহতেশামুল আলম, রিয়া করিম ও তাহমিদ জাকি। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মো. মাসুম ইসলাম, মোসা. সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পী।

আয়োজকেরা জানান, রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামের পাঁচ শতাধিক বছরের পুরোনো বটগাছের নিচে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশন যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে। এতে বরেন্দ্র অঞ্চলের নাচোল, তানোর ও পবা উপজেলার কৃষক-কৃষাণী ও তরুণেরা অংশ নেবেন।

‘শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি’ স্লোগানে আয়োজিত সম্মেলনের লক্ষ্য বরেন্দ্র অঞ্চলের তরুণদের মধ্যে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ে সচেতনতা, নেতৃত্ব ও সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা।

সম্মেলনে দেশি বীজ ও স্থানীয় কৃষিজ্ঞান সংরক্ষণ, মাটির স্বাস্থ্য, প্রাণবৈচিত্র্য, পানিসংকট, খরা ও তাপপ্রবাহ মোকাবিলা, কৃষকের অধিকার এবং নিরাপদ খাদ্যব্যবস্থা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com