গুলশানের ক্লাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছাড়লেন পরীমনি

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:২৯:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:২৯:২৭ অপরাহ্ন

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত চিত্রনায়িকা পরীমনি। এ সময়ে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি না পেলেও ব্যক্তিগত জীবন, প্রেম-বিয়ে, আইনি জটিলতা ও নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নিয়মিতই আলোচনায় রয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর গুলশানের একটি অভিজাত ক্লাবে স্টেজ পারফরম্যান্স করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন এই অভিনেত্রী। দর্শকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ হয়ে তাদের উদ্দেশে মধ্যমা আঙুল প্রদর্শন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমনি।

রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশানে আয়োজিত ‘ওয়েডিং কার্নিভাল’ নামের একটি ফ্যাশন শোতে এ ঘটনা ঘটে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই পরীমনির এমন আচরণের সমালোচনা করছেন।

ঘটনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে পুরো আয়োজনের অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার জন্য আয়োজকদের দায়ী করেন তিনি।

এর আগে গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এ সময় এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাড টাচ’-এর অভিযোগ তোলেন পরীমনি। অন্যদিকে, ওই সাংবাদিককে হেনস্তা এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে অভিনেত্রী ও তার নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে দেশের কয়েকটি সাংবাদিক সংগঠন নিন্দা জানায়। মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ), এমআরইউ, ডিআরএফ ও ইয়ুথ জার্নালসহ বিভিন্ন সংগঠন পরীমনির আচরণের প্রতিবাদ জানিয়ে তাকে বয়কটের ঘোষণা দেয়।

সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কে জড়িয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঢাকাই চলচ্চিত্রের এই চিত্রনায়িকা।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com