জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, আজ বাংলাদেশ-সৌদি আরবের চূড়ান্ত হজ চুক্তি

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:২৫:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:২৫:০৪ অপরাহ্ন

সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। সোমবার (৯ নভেম্বর) সম্মেলনের অংশ হিসেবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

প্রস্তাবিত চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। অন্যদিকে সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করবেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ।

অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান।

চার দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে হজ ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং হাজিদের সেবার মান উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com