মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ৭, আহত শতাধিক

আপলোড সময় : ০৯-১১-২০২৬ ০৬:১৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-১১-২০২৬ ০৬:১৭:১৫ অপরাহ্ন

মিশরের গিজা প্রদেশের আল-আয়াত সংলগ্ন এলাকায় দুটি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনেরও বেশি যাত্রী।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিশরের রেলওয়ে কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কায়রো থেকে আসওয়ানগামী একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের পেছনে গিজা থেকে ফাইয়ুমগামী আরেকটি ট্রেন সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং পাশের বাঁধের নিচে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাঁদের মাথায় আঘাত ও হাড় ভাঙাসহ বিভিন্ন ধরনের জখমের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থলটি কফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। মিশরের রেল দুর্ঘটনার ইতিহাসে এলাকাটি অত্যন্ত আলোচিত। ২০০২ সালের ফেব্রুয়ারিতে একই অঞ্চলে কায়রো থেকে লুক্সরগামী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরকারি হিসাব অনুযায়ী, ওই দুর্ঘটনায় অন্তত ৩৭০ জন প্রাণ হারান। এটি মিশরের ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা হিসেবে পরিচিত।

এ ছাড়া ২০০৯ সালেও একই অঞ্চলে আরেকটি প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটে। ফলে নতুন করে এই সংঘর্ষের ঘটনায় দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com